মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টের গুলিতে প্রাণ গেল নাগরিকের

প্রাইম বার্তা অনলাইন
২৫ জানুয়ারি ২০২৬ ৮:৫৩ এএম
মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টের গুলিতে প্রাণ গেল নাগরিকের

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে অভিবাসন বিরোধী অভিযানের সময় ফেডারেল এজেন্টদের গুলিতে অ্যালেক্স প্রেট্টি (৩৭) নামের এক মার্কিন নাগরিক নিহত হয়েছেন। গত শনিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একাধিক গুলিবিদ্ধ হয়ে এই আইসিইউ নার্সের মৃত্যু ঘটে। এই ঘটনার পর শহরজুড়ে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর শহর থেকে ভারী অস্ত্রে সজ্জিত ফেডারেল বাহিনী প্রত্যাহারের দাবি জোরালো হয়েছে।

গত ৭ জানুয়ারি রেনি গুড নামের অপর এক নারীর আইসিই কর্মকর্তার গুলিতে নিহত হওয়ার পর থেকেই মিনেসোটা অঙ্গরাজ্যে উত্তেজনা বিরাজ করছিল। মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ সাংবাদিকদের বলেছেন, ট্রাম্প প্রশাসনের এই অভিযান স্থানীয়দের বিরুদ্ধে সংগঠিত নিষ্ঠুরতা এবং এর তদন্ত রাজ্য সরকার নিজেই করবে। এর আগে গত সপ্তাহে শহরে আলাদা এক ঘটনায় এক ভেনেজুয়েলান নাগরিককেও গুলি করে আহত করা হয়েছিল।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রেট্টি বন্দুক হাতে এজেন্টদের দিকে এগিয়ে এলে আত্মরক্ষার্থে গুলি ছোড়া হয়। তবে প্রত্যক্ষদর্শীদের ভিডিও এবং ওপেন সোর্স সংস্থা বেলিংক্যাটের বিশ্লেষণে দাবি করা হয়েছে, গুলি চালানোর আগেই তার কাছ থেকে অস্ত্র সরিয়ে নেওয়া হয় এবং তাকে মাটিতে আটকে রাখা হয়েছিল। প্রেসিডেন্ট ট্রাম্প এই ঘটনার জন্য গভর্নর ওয়ালজ এবং মেয়রকে দায়ী করে তাদের বিরুদ্ধে অহংকারী ও বিপজ্জনক বক্তব্য দিয়ে বিদ্রোহ উসকে দেওয়ার অভিযোগ তুলেছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...