সীমান্ত বিবাদ নিরসনে কূটনৈতিক উদ্যোগ: থাইল্যান্ড-কম্বোডিয়ার চার দিনের আলোচনা শুরু

প্রাইম বার্তা অনলাইন
২৪ ডিসেম্বর ২০২৫ ৮:৫৫ পিএম
সীমান্ত বিবাদ নিরসনে কূটনৈতিক উদ্যোগ: থাইল্যান্ড-কম্বোডিয়ার চার দিনের আলোচনা শুরু

দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিরসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। গত ৭ ডিসেম্বর থেকে চলমান প্রাণঘাতী সংঘর্ষের ১৭ দিন পর বুধবার (২৪ ডিসেম্বর) থাইল্যান্ডের চান্থাবুরি প্রদেশের একটি সীমান্ত চেকপোস্টে চার দিনব্যাপী আলোচনা শুরু হয়েছে, যা আগামী শনিবার (২৭ ডিসেম্বর) পর্যন্ত চলবে।

চলতি মাসে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা চরমে ওঠে, যার ফলে পূর্ববর্তী যুদ্ধবিরতি ভেঙে পড়ে। সাম্প্রতিক সংঘর্ষে ৪০ জনের বেশি মানুষ নিহত হওয়ার পাশাপাশি প্রায় ১০ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন বলে সরকারি সূত্রে জানা গেছে।

আলোচনা শুরুর আগে ভেন্যু নিয়ে জটিলতা দেখা দেয়, যেহেতু কম্বোডিয়া নিরপেক্ষ স্থানে বৈঠকের দাবি জানিয়েছিল। অবশেষে থাইল্যান্ডেই বৈঠক শুরু হয়। কম্বোডিয়ার সরকার প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, দুই দেশের প্রতিরক্ষা প্রতিনিধিরা একটি সাধারণ বৈঠককক্ষে আলোচনায় বসেছেন।

থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সুরাসান্ত কংসিরি বলেন, ‘আমরা আশাবাদী যে এই বৈঠক ইতিবাচক ফলাফল বয়ে আনবে।’ তিনি জানান, থাইল্যান্ড কম্বোডিয়ার কাছে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি ঘোষণা এবং সীমান্ত এলাকায় পুঁতে রাখা স্থলমাইন অপসারণে সহযোগিতার দাবি জানিয়েছে।

অপরদিকে, কম্বোডিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা আশাবাদী যে থাইল্যান্ড যুদ্ধবিরতি কার্যকরে আন্তরিকতা প্রদর্শন করবে। যদিও সীমান্তে মাঝে-মধ্যে গোলাগুলির খবর পাওয়া যাচ্ছে।

এই সংঘাতের মূলে রয়েছে ঔপনিবেশিক আমলে নির্ধারিত প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তরেখা নিয়ে বিবাদ এবং সীমান্তবর্তী এলাকার প্রাচীন মন্দিরগুলোর মালিকানা নিয়ে দ্বন্দ্ব, বিশেষ করে ঐতিহাসিক প্রেহা ভিহার মন্দির।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...