বৈশ্বিক প্রতিরক্ষা বাজেটে নতুন রেকর্ড: ২০২৬ সালে প্রায় ৩ ট্রিলিয়ন ডলার ছাড়াবে

প্রাইম বার্তা অনলাইন
২৪ ডিসেম্বর ২০২৫ ৭:২২ পিএম
বৈশ্বিক প্রতিরক্ষা বাজেটে নতুন রেকর্ড: ২০২৬ সালে প্রায় ৩ ট্রিলিয়ন ডলার ছাড়াবে

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ২০২৬ সাল নাগাদ বিশ্বব্যাপী প্রতিরক্ষা শিল্পে ব্যাপক প্রসার ঘটবে। নতুন বছরে বৈশ্বিক প্রতিরক্ষা ব্যয় প্রথমবারের মতো ২.৯ ট্রিলিয়ন ডলার (২ লাখ ৯০ হাজার কোটি ডলার) অতিক্রম করতে পারে।

এই বৃদ্ধির পেছনে মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে রাশিয়া ও চীনের সামরিক হুমকি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে ন্যাটো দেশগুলোর ২০৩৫ সালের মধ্যে জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষায় ব্যয়ের অঙ্গীকার।

জার্মানি এই উদ্যোগে অগ্রণী ভূমিকা পালন করবে। দেশটি ঋণ গ্রহণ ও ১০০ বিলিয়ন ইউরোর বিশেষ প্রতিরক্ষা তহবিল গঠনের মাধ্যমে সামরিক ব্যয় বৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। পশ্চিমা বিশ্বে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস রয়েছে। ওয়াশিংটন একটি উন্নত ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণের বিষয় বিবেচনা করছে।

পূর্ব ইউরোপের দেশগুলো যৌথ ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে অস্ত্রভাণ্ডার পূরণে মনোযোগ দেবে। পোল্যান্ড নির্ধারিত সময়ের নয় বছর আগেই জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারে।

অর্থনৈতিক চাপের মুখে থাকা রাশিয়া প্রতিরক্ষা ব্যয় কমানোর চেষ্টা করতে পারে, কিন্তু চীন সামরিক ব্যয় বাড়াবে। বেইজিং হাইপারসনিক অস্ত্র, মহাকাশভিত্তিক প্ল্যাটফর্ম এবং কমান্ড ও কন্ট্রোল ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা সংযুক্ত করার দিকে গুরুত্ব দেবে।

জাপান সামরিক ব্যয় জিডিপির প্রায় ২ শতাংশে উন্নীত করতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও রোবটিক প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াবে, এবং অস্ট্রেলিয়ার সাথে যৌথভাবে যুদ্ধজাহাজ নির্মাণ করবে। দক্ষিণ কোরিয়া প্রতিরক্ষা রপ্তানি সম্প্রসারণে মনোযোগ দেবে, আর উত্তর কোরিয়া নৌবাহিনী শক্তিশালী করতে নতুন উদ্যোগ নেবে।

মধ্যপ্রাচ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত যৌথভাবে প্রতিরক্ষা উৎপাদন বাড়াবে। এসব কারণে বড় প্রতিরক্ষা কোম্পানিগুলোর অর্ডারবুক ভরে যাবে। একইসাথে প্রযুক্তিনির্ভর ক্ষুদ্র দ্রুতগামী প্রতিষ্ঠানগুলোও নতুন সুযোগ কাজে লাগিয়ে বাজার সম্প্রসারণের সুবিধা পাবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...