হিজাব নিয়মে অভিযোগে কারাভোগ, ১৩ দিন পর মুক্ত আফগান তরুণী

প্রাইম বার্তা অনলাইন
২৪ জানুয়ারি ২০২৬ ৬:৩২ পিএম
হিজাব নিয়মে অভিযোগে কারাভোগ, ১৩ দিন পর মুক্ত আফগান তরুণী

দীর্ঘ ১৩ দিন কারাগারে থাকার পর অবশেষে মুক্তি পেয়েছেন আফগানিস্তানের হেরাতের বাসিন্দা তায়কোয়ান্দো কোচ খাদিজা আহমাদজাদা। হিজাব পরার সরকারি নিয়ম লঙ্ঘন এবং ব্যায়ামাগারে নারী-পুরুষ একসঙ্গে অনুশীলনের সুযোগ দেওয়ার অভিযোগে তালেবান প্রশাসন এই ২২ বছর বয়সী তরুণীকে গ্রেফতার করেছিল। দেশটির সুপ্রিম কোর্টের একজন মুখপাত্র খাদিজার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

আফগানিস্তানের পাপ প্রতিরোধ ও সদ্‌গুণবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, খাদিজার বিরুদ্ধে ‘সঠিক নিয়মে’ হিজাব না পরা এবং জিমে গান বাজানোর অভিযোগ আনা হয়েছিল। এর আগেও তাকে এসব নিয়ম মেনে চলার জন্য বেশ কয়েকবার সতর্ক করা হয়েছিল বলে জানা গেছে। ২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর থেকে নারীদের খেলাধুলার কেন্দ্র ও ব্যায়ামাগারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ করা কঠিন হয়ে পড়েছে।

এই ঘটনায় আন্তর্জাতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। আফগানিস্তানে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ দূত রিচার্ড বেনেত্তে সামাজিক যোগাযোগমাধ্যমে খাদিজার অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছিলেন। যদিও গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট তার মুক্তির আদেশ দেয়, তবে বর্তমানে তিনি কোথায় অবস্থান করছেন তা এখনো জানা যায়নি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...