বিজ্ঞাপন

পাকিস্তানে ভয়াবহ তুষারপাত, তিরাহ উপত্যকায় উদ্ধার ১৫০০

প্রাইম বার্তা অনলাইন
২৪ জানুয়ারি ২০২৬ ৬:০০ পিএম
পাকিস্তানে ভয়াবহ তুষারপাত, তিরাহ উপত্যকায় উদ্ধার ১৫০০

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের তিরাহ উপত্যকায় মারাত্মক তুষারঝড়ে আটকা পড়া পনেরোশ’রও বেশি মানুষকে জীবন্ত উদ্ধার করতে সক্ষম হয়েছে দেশটির জরুরি বাহিনী। গত শুক্রবার সামরিক অভিযান শুরুর আগে বাড়ি ছেড়ে যাওয়ার সময় হঠাৎ এই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েন তারা। শনিবার পর্যন্ত টানা উদ্ধার অভিযান চালিয়ে বিপন্নদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

জরুরি উদ্ধারকারী সংস্থা রেস্কিউ ১১২২-এর মুখপাত্র বিলাল আহমেদ ফৈজি জানিয়েছেন, অভিযানের অংশ হিসেবে ৩৫০টি যানবাহন নিরাপদে সরানো হয়েছে। তীব্র শীত ও পিচ্ছিল পাহাড়ি রাস্তায় বাধা সত্ত্বেও খাইবার, পেশোয়ার ও মারদানসহ বিভিন্ন জেলা থেকে আসা একশ’রও বেশি কর্মী ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে অবিরাম কাজ করেছেন। এছাড়া, হিমাঙ্কের নিচে তাপমাত্রায় অসুস্থ হয়ে পড়া অন্তত একশ’ মানুষকে প্রাথমিক চিকিৎসাও প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়ার করুণ পরিস্থিতির কারণে খাইবার জেলা প্রশাসন সাময়িকভাবে উপত্যকা থেকে লোক সরানোর কাজ স্থগিত রেখেছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাড়া এলাকার দিকে যেতে বারণ করা হয়েছে। অন্যদিকে, তুষারপাতের প্রভাবে মুরি এক্সপ্রেসওয়ে সাধারণ যানবাহন চলাচলের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ন্যাশনাল হাইওয়ে পুলিশ পর্যটকদের জরুরি প্রয়োজন ছাড়া মুরিতে ভ্রমণ না করার এবং বের হওয়ার আগে সর্বশেষ সড়ক অবস্থা যাচাই করার পরামর্শ দিয়েছেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...