নাইজেরিয়ায় বন্দীদশা থেকে মুক্ত আরও ১৩০ শিক্ষার্থী, সবাই এখন নিরাপদ
নাইজেরিয়ায় গণঅপহরণের শিকার হওয়া আরও ১৩০ শিক্ষার্থীকে মুক্ত করা হয়েছে। এ নিয়ে দেশটির সরকার দাবি করছে, নভেম্বর মাসে অপহৃত সব শিক্ষার্থী এখন নিরাপদে ফিরে এসেছে। নাইজেরিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র সানডে ডারে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন এবং মুক্তিপ্রাপ্ত শিশুদের হাস্যোজ্জ্বল ছবি প্রকাশ করেছেন।
গত নভেম্বরের শেষ দিকে নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যের পাপিরি গ্রামে অবস্থিত সেন্ট মেরিজ কো-এডুকেশনাল বোর্ডিং স্কুল থেকে সশস্ত্র বন্দুকধারীরা শতাধিক শিক্ষার্থী ও শিক্ষাকর্মীকে অপহরণ করে। চলতি মাসের শুরুতে প্রায় ১০০ জনকে মুক্ত করা হয়েছিল, এবং সর্বশেষ আরও ১৩০ জনকে মুক্ত করার পর সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আর কোনো শিক্ষার্থী বন্দিদশায় নেই।
মুক্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নাইজার রাজ্যের রাজধানী মিন্না শহরে নিয়ে যাওয়া হয়েছে বলে জাতিসংঘের একটি সূত্র জানিয়েছে। তবে অপহরণের শুরু থেকেই কতজন শিক্ষার্থী ও কর্মীকে অপহরণ করা হয়েছিল, তা নিয়ে বিভ্রান্তি রয়েছে। ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়া (সিএএন) দাবি করেছে, মোট ৩১৫ জন শিক্ষার্থী ও কর্মীকে অপহরণ করা হয়েছিল, যাদের মধ্যে ঘটনার পরপরই প্রায় ৫০ জন পালিয়ে যেতে সক্ষম হয়।
সরকার কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি যে কারা এই অপহরণের সঙ্গে জড়িত ছিল বা কীভাবে শিক্ষার্থীদের মুক্ত করা হয়েছে। নাইজেরিয়ায় মুক্তিপণের বিনিময়ে অপহরণ একটি সাধারণ অপরাধে পরিণত হলেও, সাম্প্রতিক সময়ে একের পর এক গণঅপহরণ দেশটির নাজুক নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে সামনে এনেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি অনেকের মনে ২০১৪ সালে উত্তর-পূর্বাঞ্চলীয় চিবোক শহর থেকে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম কর্তৃক স্কুলছাত্রী অপহরণের স্মৃতি ফিরিয়ে এনেছে, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তুলেছিল।

