যুক্তরাষ্ট্রের চাপের মুখে ভেনেজুয়েলা, পাশে দাঁড়ালো চীন-রাশিয়া
মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসী অবস্থানের প্রেক্ষিতে আন্তর্জাতিক অঙ্গনে নতুন মেরুকরণ দেখা দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার বিরুদ্ধে নৌ আক্রমণ, সেনা মোতায়েন এবং যুদ্ধের হুমকি দিয়েছেন, যার প্রতিক্রিয়ায় চীন ও রাশিয়া ওয়াশিংটনের পদক্ষেপকে অবৈধ ঘোষণা করে কারাকাসের প্রতি সমর্থন ব্যক্ত করেছে।
মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলার অর্থনীতির প্রাণভোমরা তেল রপ্তানি কার্যক্রম গুরুতরভাবে ব্যাহত হচ্ছে। ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক ঘোষণার পর থেকে দেশটির প্রধান বন্দরগুলোতে তেল পরিবহন কার্যত স্থবির হয়ে পড়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, কোটি কোটি ব্যারেল তেল ট্যাংকারে আটকে পড়েছে, যা দেশটির অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলেছে।
এদিকে, ট্রাম্প আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়ে বলেছেন, তার জন্য পদত্যাগ করা বুদ্ধিমানের কাজ হবে। মাদুরো যদি শক্ত অবস্থানে থাকেন তবে এটাই হবে তার শেষ সুযোগ বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এই পরিস্থিতিতে চীন ও রাশিয়া সোচ্চারে যুক্তরাষ্ট্রের বিরোধিতা করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভেনেজুয়েলার অন্য দেশের সঙ্গে সম্পর্ক স্থাপনের পূর্ণ অধিকার রয়েছে এবং তারা সব একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে। অন্যদিকে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিলের সাথে টেলিফোনে আলোচনায় ওয়াশিংটনের পদক্ষেপের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

