বিজ্ঞাপন

জনসংখ্যা পরিবর্তনে আসামের ভৌগলিক পরিচয় হারানোর আশঙ্কা হিমন্ত বিশ্ব শর্মার

প্রাইম বার্তা অনলাইন
২৪ ডিসেম্বর ২০২৫ ৪:৪০ পিএম
জনসংখ্যা পরিবর্তনে আসামের ভৌগলিক পরিচয় হারানোর আশঙ্কা হিমন্ত বিশ্ব শর্মার

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সতর্ক করে বলেছেন, বাংলাদেশি বংশোদ্ভূত জনসংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকলে আসাম স্বাভাবিকভাবেই বাংলাদেশের অংশে পরিণত হতে পারে।

গত মঙ্গলবার গুয়াহাটিতে একটি সরকারি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘বর্তমানে আসামের ৪০ শতাংশ মানুষ বাংলাদেশি বংশোদ্ভূত। এই অনুপাত যদি আরও ১০ শতাংশ বৃদ্ধি পায়, তবে আমরা স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশে অন্তর্ভুক্ত হয়ে যাব।’

বিজ্ঞাপন

মুখ্যমন্ত্রী জানান, এই বিষয়টি নিয়ে তিনি গত পাঁচ বছর ধরেই জোরালোভাবে কথা বলে আসছেন। এদিকে, বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহর সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করেই হিমন্ত এই উদ্বেগের কথা জানান।

ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, হাসনাত আবদুল্লাহ বলেছিলেন, ভারত যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তবে ঢাকার উচিত ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে ‘বিচ্ছিন্ন’ করতে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে সহায়তা করা।

হিমন্ত এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘ভারত মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার হুমকি মোটেও মেনে নেবে না। বাংলাদেশের নেতারা এ ধরনের হুমকি দিয়ে গেলে দিল্লি আর বেশিদিন চুপ থাকবে না।’

ভৌগোলিক দিক থেকেও ভারতের উত্তর-পূর্বাঞ্চল ঝুঁকিপূর্ণ, কারণ এটি মূল ভূখণ্ডের সাথে শুধুমাত্র সংকীর্ণ শিলিগুড়ি করিডোর দিয়ে সংযুক্ত, যা ‘চিকেনস নেক’ নামে পরিচিত।

এর আগে এজেন্ডা আজতক অনুষ্ঠানে হিমন্ত দাবি করেছিলেন, অনিয়ন্ত্রিত অভিবাসনের কারণে আদিবাসী অসমীয়া জনগোষ্ঠী এখন অস্তিত্ব সংকটের মুখোমুখি। তার মতে, মুসলিম জনসংখ্যা ৫০ শতাংশ অতিক্রম করলে আসামের অন্যান্য সম্প্রদায়ের অস্তিত্ব টিকবে না।

পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, আসামের মুসলিম জনসংখ্যা ২০২১ সালে ৩৮ শতাংশ ছিল, যা ২০২৭ সালের মধ্যে ৪০ শতাংশে উন্নীত হতে পারে। তার হিসেব অনুযায়ী, ১৯৫১ সালে আসামের জনসংখ্যা ছিল ৮০ লাখ, যা এখন বেড়ে হয়েছে ৩ কোটি ১০ লাখ, কিন্তু আদিবাসী জনসংখ্যা আজও ৭০ লাখে সীমাবদ্ধ। তিনি বাকি ২ কোটি ৪০ লাখ মানুষকে অবৈধ অভিবাসী হিসেবে আখ্যায়িত করেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...