দোনেৎস্ক নিয়ন্ত্রণ নিয়ে টানটান, রাশিয়া-ইউক্রেন সমঝোতা কঠিন
ইউক্রেনে যুদ্ধ বন্ধের কোনো চুক্তি সম্ভব না হওয়ার মূল কারণ হলো ভূখণ্ডগত বিরোধ। শুক্রবার (২৩ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে রুশ প্রেসিডেন্টের বৈঠকের পর এক শীর্ষ সহকারী জানিয়েছেন, ভূমি বিরোধের সমাধান ছাড়া কোনো সমঝোতাই স্থায়ী হবে না। অন্যদিকে, ডনবাস অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এক ত্রিপক্ষীয় আলোচনার কথা জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
দোনেৎস্কের এখনো যে প্রায় ২০ শতাংশ বা ৫ হাজার বর্গকিলোমিটার এলাকা ইউক্রেনের দখলে রয়েছে, সেখান থেকে সেনা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। তবে জেলেনস্কি এই ভূমি রাশিয়াকে উপহার দিতে নারাজ। ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন এই অংশে স্লোভিয়ানস্ক ও ক্রামাতোরস্কের মতো দুর্ভেদ্য দুর্গ নগরী রয়েছে, যা হারালে রুশ বাহিনীর পক্ষে দনিপ্রো নদী অতিক্রম করা সহজ হবে। কিয়েভের আশঙ্কা, এই অঞ্চল হারালে রাশিয়া ভবিষ্যতে তা ব্যবহার করে ইউক্রেনের গভীরে আক্রমণ চালাতে পারে।
সামরিক ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই দোনেৎস্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমা বিশ্লেষকদের মতে, বর্তমান গতিতে দোনেৎস্কের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে রাশিয়ার আরও এক বছর সময় লাগতে পারে। অন্যদিকে, রাশিয়ার জেনারেল স্টাফ প্রধান ভ্যালেরি গেরাসিমভ দাবি করেছেন, তারা ফ্রন্টলাইনে এগিয়ে যাচ্ছেন। এই অঞ্চলে কয়লা, স্টিল এবং টাইটানিয়ামের মতো বিরল খনিজের মজুদ থাকায় এর অর্থনৈতিক গুরুত্বও অপরিসীম। উভয় নেতার রাজনৈতিক ভাবমূর্তির সঙ্গেও এই অঞ্চলের ভাগ্য ওতোপ্রোতোভাবে জড়িত।

