দোনেৎস্ক ইস্যুতে অনড় দুই পক্ষ, যুদ্ধবিরতির পথ রুদ্ধ
ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে হলে ভূখণ্ডগত বিরোধের সমাধান অপরিহার্য বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। গত শুক্রবার মার্কিন প্রতিনিধিদের সাথে এক বৈঠকের পর তিনি জানান, এই মৌলিক সমস্যা সমাধান ছাড়া কোনো সমঝোতা সম্ভব নয়। অপরদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পূর্বাঞ্চলীয় ডনবাসের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবুধাবিতে এক ত্রিপক্ষীয় আলোচনার ডাক দিয়েছেন।
দোনেৎস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে চরম টানাপোড়েন বিরাজ করছে। রাশিয়া এখনো দখল করতে পারেনি এমন প্রায় ২০ শতাংশ বা ৫ হাজার বর্গকিলোমিটার এলাকা থেকে ইউক্রেনীয় বাহিনীকে সরে যেতে বলছে মস্কো। তবে জেলেনস্কি স্পষ্ট করে জানিয়েছেন, তিনি দেশের মাটি শত্রুপক্ষকে উপহার দেবেন না। স্লোভিয়ানস্ক ও ক্রামাতোরস্কের মতো দুর্গ নগরীগুলো ইউক্রেনের হাতে থাকায় রাশিয়ার জন্য অগ্রসর হওয়া কঠিন হচ্ছে। এই সমতল ভূমি হারালে দনিপ্রো নদীর পূর্ব পাড় ধরে রাশিয়া সহজেই ইউক্রেনের অভ্যন্তরে ঢুকতে পারবে বলে আশঙ্কা কিইভের।
সামরিক ও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দোনেৎস্কের গুরুত্ব অপরিসীম। এই অঞ্চলটি কয়লা ও ইস্পাত উৎপাদনের প্রধান কেন্দ্র হওয়ার পাশাপাশি টাইটানিয়াম ও জিরকোনিয়ামের মতো বিরল খনিজে সমৃদ্ধ। পশ্চিমা বিশ্লেষকদের ধারণা, বর্তমান গতিতে রাশিয়ার পুরো দোনেৎস্ক দখল করতে আরও অন্তত এক বছর লেগে যেতে পারে। যদিও রুশ জেনারেল স্টাফের প্রধান ভ্যালেরি গেরাসিমভ সম্পূর্ণ এলাকা নিয়ন্ত্রণে আনার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। এই অঞ্চল নিয়ে লড়াই দুই নেতার রাজনৈতিক ভবিষ্যতের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যা কোনো আপসকেই দুরূহ করে তুলেছে।

