ওসমান হাদি হত্যা নিয়ে কূটনৈতিক উত্তেজনা: ভারত-বাংলাদেশ পাল্টাপাল্টি তলব
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তের দাবিতে নয়াদিল্লি থেকে ঢাকার হাইকমিশনারকে তলব করা হয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের রাষ্ট্রদূতকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হলো।
বুধবার ভারতের বার্তা সংস্থা পিটিআই জানায়, মঙ্গলবার বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে হাদি হত্যার পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানায় নয়াদিল্লি। হাদি হত্যায় ভারতের জড়িত থাকার যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে বিস্তারিত তদন্ত করতে বলেছে ভারত সরকার।
এদিকে, হাদির মৃত্যুর পর বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব তীব্র হওয়ায় উদ্বিগ্ন নয়াদিল্লি। নিষিদ্ধ ছাত্রলীগের গুলিতে নিহত হওয়ায় ওসমান হাদির মৃত্যুর পর ভারত দূতাবাসের সামনে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল।
পাল্টা পদক্ষেপ হিসেবে, এর আগে মঙ্গলবার ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে ঢাকা। পররাষ্ট্রসচিব তাকে ভারতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং সেখানকার বাংলাদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বলেন।
এ বছরের ১৪ ডিসেম্বরও প্রণয় ভার্মাকে ডেকে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানায় বাংলাদেশ। একই সঙ্গে হাদির হত্যাকারীদের ভারতে পালিয়ে যাওয়া রোধে সহযোগিতা চাওয়া হয়।
১৭ ডিসেম্বর নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে পাল্টা তলব করার পর, এক সপ্তাহের মাথায় ফের তাকে ডেকে পাঠালো ভারত। এই পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপ দুই দেশের সম্পর্কে নতুন টানাপোড়েনের ইঙ্গিত দিচ্ছে।

