ট্রাম্পের শান্তি পর্ষদ নিয়ে দাভোসে রসিকতা করলেন ইলন মাস্ক
সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে (ডব্লিউইএফ) ব্ল্যাকরকের প্রধান নির্বাহী ল্যারি ফিঙ্কের সঙ্গে এক আলোচনায় যোগ দিয়ে মার্কিন ধনকুবের ইলন মাস্ক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’ নিয়ে রসিকতা করেছেন। তিনি বলেন, এই বোর্ডের নাম ‘শান্তি’ (Peace) হওয়া উচিত নয়, বরং ‘টুকরো’ (Piece) হওয়া উচিত। মাস্ক কৌতুক করে বলেন, শান্তি সম্মেলনের কথা শুনে তিনি প্রথমে ভেবেছিলেন এটি গ্রিনল্যান্ডের কোনো টুকরো নাকি ভেনেজুয়েলার একটি ছোট অংশ। দর্শকদের হাস্যরসের মাঝে তিনি আরও যোগ করেন যে, সবাই মূলত শান্তিই কামনা করে।
ট্রাম্পের এই শান্তি পর্ষদ মূলত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা তদারকির উদ্দেশ্যে তৈরি হলেও বর্তমানে তার পরিধি অনেক বৃদ্ধি পেয়েছে। বিশ্বের ডজনখানেক দেশকে এতে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তিতে এটি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে। মাস্ক ও ট্রাম্পের মধ্যে ঘনিষ্ঠতা থাকলেও গত এক বছরে তাদের সম্পর্কে বেশ কিছু ওঠাপড়া দেখা গেছে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের এই উদ্যোগ নিয়ে মাস্কের এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এছাড়াও প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে মাস্ক বলেন, রোবট সমাজের গঠন বদলে দেবে এবং মানুষের কর্মসংস্থানের প্রয়োজনীয়তা কমিয়ে মানবকল্যাণে ভূমিকা রাখবে। তার ধারণা, একদিন রোবটরাই নিজেরাই নতুন রোবট তৈরি করবে। মানুষের তুলনায় রোবটের সংখ্যা বেশি হওয়ায় পণ্য ও সেবার কোনো অভাব থাকবে না। বৃদ্ধ বাবা-মা বা সন্তানদের দেখাশোনার জন্য প্রত্যেক পরিবারের একটি করে রোবট থাকবে বলেও তিনি জানান। টেসলা আগামী বছরের শেষ নাগাদ সাধারণ মানুষের জন্য রোবট বিক্রি শুরু করবে বলেও ঘোষণা দেন তিনি।

