দাভোসে বিতর্কিত মন্তব্য, স্বৈরশাসক দাবি করলেন ট্রাম্প
সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বক্তব্য রাখার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে একজন ‘স্বৈরশাসক’ বা ‘একনায়ক’ হিসেবে পরিচয় করিয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সমালোচকরা যেহেতু তাকে প্রায়ই স্বৈরশাসক হিসেবে অভিহিত করেন, তাই তিনি এই পরিচয় মেনে নিচ্ছেন। ট্রাম্পের যুক্তি, দেশের উন্নতির স্বার্থে মাঝেমধ্যে একজন কঠোর নেতার প্রয়োজন হয় এবং তার সিদ্ধান্তগুলো সাধারণ কাণ্ডজ্ঞান থেকে গ্রহণ করা হয়।
এর আগে ২০২৪ সালের নির্বাচনের প্রাক্কালে তিনি ফক্স নিউজকে জানিয়েছিলেন, ক্ষমতায় এলে প্রথম দিনটি তিনি একনায়কের মতোই কাটাবেন। এছাড়া ২০২৫ সালের আগস্টে ওয়াশিংটনে কেন্দ্রীয় শাসন কঠোর করার সময়ও তিনি জনগণের স্বৈরশাসক পছন্দের ইঙ্গিত দিয়েছিলেন। দাভোসে গ্রিনল্যান্ড দখল এবং কানাডাকে হুমকি দেওয়া নিয়েও তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। এমনকি ভ্লাদিমির পুতিন, শি জিনপিং বা কিম জং উনের মতো কর্তৃত্ববাদী নেতাদের প্রশংসা করতেও দেখা যায় তাকে।
অবশ্য বৃহস্পতিবার (২২ জানুয়ারি) গ্রিনল্যান্ড ইস্যুতে নিজের অবস্থান থেকে সরে আসতে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্টকে। বিরোধীদের ওপর শুল্ক আরোপের হুমকি থেকে সরে এসে তিনি আর্কটিক দ্বীপপুঞ্জ নিয়ে কূটনৈতিক সমঝোতার ইঙ্গিত দিয়েছেন। সামরিক শক্তি প্রয়োগের সম্ভাবনা উড়িয়ে দেওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে স্বস্তি ফিরলেও আটলান্টিক অঞ্চলের দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে।

