ওজন কমানোর বিপ্লব: যুক্তরাষ্ট্রে অনুমোদন পেল ওয়েগোভির ট্যাবলেট সংস্করণ

প্রাইম বার্তা অনলাইন
২৪ ডিসেম্বর ২০২৫ ২:০৪ পিএম
ওজন কমানোর বিপ্লব: যুক্তরাষ্ট্রে অনুমোদন পেল ওয়েগোভির ট্যাবলেট সংস্করণ

ওজন কমানোর চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। মার্কিন খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা (এফডিএ) প্রথমবারের মতো ওজন কমানোর ট্যাবলেট ‘ওয়েগোভি’কে অনুমোদন দিয়েছে। ডেনমার্কভিত্তিক প্রতিষ্ঠান নোভো নরডিস্ক এই ট্যাবলেট তৈরি করেছে, যা দৈনিক একবার সেবনযোগ্য এবং ইনজেকশনের একটি সহজ বিকল্প হিসেবে কাজ করবে।

নোভো নরডিস্কের প্রধান নির্বাহী মাইক ডাউস্টার জানান, রোগীরা এখন ইনজেকশনের পরিবর্তে ট্যাবলেট সেবন করে একই কার্যকারিতা পাবেন। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, প্রায় ১,৩০০ জন অংশগ্রহণকারীর ওজন গড়ে ১৬.৬ শতাংশ কমেছে, যাদের এক-তৃতীয়াংশের ওজন কমেছে ২০ শতাংশ বা তার বেশি।

এই ঘোষণার পর নিউইয়র্কের আফটার-আওয়ার্স ট্রেডিংয়ে নোভো নরডিস্কের শেয়ারের দাম প্রায় ১০ শতাংশ বেড়ে গেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই অনুমোদন এলি লিলির মতো প্রতিদ্বন্দ্বীদের সাথে প্রতিযোগিতায় নোভো নরডিস্কের বিক্রয় বাড়াতে সহায়ক হবে।

ওষুধটির ট্যাবলেট সংস্করণ ২০২৬ সালের জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাবে। এর আগে ওজেম্পিকের মতো ওষুধগুলো মূলত টাইপ-২ ডায়াবেটিসের চিকিৎসার জন্য অনুমোদিত হলেও পরবর্তীতে ওজন কমানোর ক্ষেত্রে জনপ্রিয়তা পায়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...