বাংলাদেশ ছাড়াই মমতার হাতে কলকাতা বইমেলার উদ্বোধন

প্রাইম বার্তা অনলাইন
২২ জানুয়ারি ২০২৬ ৯:৫৬ পিএম
বাংলাদেশ ছাড়াই মমতার হাতে কলকাতা বইমেলার উদ্বোধন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কাঠের হাতুড়ির বারি মেরে কলকাতা আন্তর্জাতিক বইমেলার ৪৯তম আসরের উদ্বোধন করেছেন। গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) অনুষ্ঠিত এই অনুষ্ঠানে চোখে পড়েনি বাংলাদেশের কোনো প্যাভিলিয়ন। এবারের মেলায় প্রতিবেশী দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রও অংশগ্রহণ করেনি।

১৯৯৬ সাল থেকে কলকাতা বইমেলায় নিয়মিত উপস্থিত থাকলেও টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ এই আসরে নেই। এবার মেলায় ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়া, পেরু ও কলম্বিয়াসহ ২০টি দেশ অংশ নিয়েছে। বইমেলার আয়োজক সংস্থা গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় জানিয়েছেন, বাংলাদেশের প্যাভিলিয়ন না থাকলেও যে কোনো স্টলে বাংলাদেশি লেখকদের বই বিক্রিতে তাদের কোনো আপত্তি নেই।

মমতা ব্যানার্জী উদ্বোধনী বক্তব্যে বলেন, ৫০তম বইমেলার প্রাক্কালে এরই মধ্যে উৎসবের আমেজ শুরু হয়ে গেছে। তিনি এই মেলাকে বাঙালির আবেগ ও সংস্কৃতির প্রতীক এবং বিশ্ব সাহিত্যের মিলনমেলা হিসেবে অভিহিত করেন। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতার বইমেলা চলবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...