জেলেনস্কির সাথে সাক্ষাৎ, পুতিনকে যুদ্ধ থামার হুঁশিয়ারি ট্রাম্পের

প্রাইম বার্তা অনলাইন
২২ জানুয়ারি ২০২৬ ৯:১৭ পিএম
জেলেনস্কির সাথে সাক্ষাৎ, পুতিনকে যুদ্ধ থামার হুঁশিয়ারি ট্রাম্পের

সুইজারল্যান্ডের ডাভোসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠকের পরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ শেষ করার স্পষ্ট বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এই বৈঠক শেষে সাংবাদিকদের সামনে ট্রাম্প জানান, শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া চলমান রয়েছে এবং মার্কিন প্রতিনিধি দল মস্কোতে আলোচনায় যাচ্ছে।

প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠককে ট্রাম্প ‘ভালো’ বলে বর্ণনা করেছেন। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর এটি দুই নেতার ষষ্ঠ সরাসরি সাক্ষাৎ। জেলেনস্কি পূর্বে জানিয়েছিলেন, নিরাপত্তা নিশ্চিতকরণ ও পুনর্গঠনে অর্থায়নের বিষয়ে ট্রাম্পের সঙ্গে কোনো সমঝোতা হলে তিনি ডাভোসে আসবেন; তবে বৈঠক শেষে এমন কোনো বড় অগ্রগতির ইঙ্গিত মেলেনি। ট্রাম্প গত বছর হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে ইউক্রেন নীতিতে ব্যাপক পরিবর্তন এনে রাশিয়ার সাথে কূটনৈতিক যোগাযোগ বাড়িয়েছেন।

পুতিনের উদ্দেশ্যে তার নির্দিষ্ট বার্তা কী জানতে চাইলে ট্রাম্প সোজাসাপ্টা বলেন, যুদ্ধ অবশ্যই শেষ হতে হবে। এদিকে, রাশিয়ার অব্যাহত বিমান হামলায় কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ ও তাপ সরবরাহ ব্যাহত হচ্ছে। তবে ইউক্রেন বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ আশা প্রকাশ করে বলেছেন, উভয় পক্ষ ইচ্ছুক থাকলে সমাধানে পৌঁছানো সম্ভব এবং এ বিষয়ে তারা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...