যান্ত্রিক ত্রুটিতে বন্দী জাপানের বৃহত্তম পারমাণবিক চুল্লি
জাপানের নিগাতায় অবস্থিত বিশ্বের বৃহত্তম কাশিওয়াজাকি-কারিওয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম শুরু হতেই ব্যাহত হয়েছে। দীর্ঘ ১৫ বছর বন্ধ থাকার পর বুধবার সন্ধ্যায় কেন্দ্রটির ৬ নম্বর চুল্লি চালু করা হলেও নিরাপত্তা সংকেতের কারণে অল্প সময়ের মধ্যেই তা বন্ধ করতে হয়েছে। এটি ২০১১ সালের ভয়াবহ ফুকুশিমা দুর্ঘটনার পর টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির (টেপকো) প্রথম পুনরায় চালুর প্রচেষ্টা ছিল।
টেপকোর মুখপাত্র তাকাশি কোবায়াশি জানিয়েছেন, বুধবার সন্ধ্যা ৭টা ২ মিনিটে চুল্লিটি সচল করা হয়। তবে চালুর প্রক্রিয়ায় মনিটরিং সিস্টেমে সতর্কতা জারি হলে দ্রুত তা বন্ধ করা হয়। ধারণা করা হচ্ছে, কন্ট্রোল রড বা নিয়ন্ত্রণ দণ্ডে যান্ত্রিক গোলযোগের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এর আগে মঙ্গলবারও একই ধরনের সমস্যার কারণে চালুর পরিকল্পনা স্থগিত রাখতে হয়েছিল। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে চুল্লিটি স্থিতিশীল এবং তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা নেই।
এই ঘটনার পর বিদ্যুৎকেন্দ্রটির নিরাপত্তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। নিগাতা অঞ্চলের প্রায় ৬০ শতাংশ মানুষ এই পারমাণবিক কেন্দ্র পুনরায় চালুর বিপক্ষে। ৮ দশমিক ২ গিগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রটি চালু করার মাধ্যমে জ্বালানি আমদানি কমানো এবং ২০৫০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা অর্জনের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে চেয়েছিল জাপান। তবে বারবার যান্ত্রিক বিভ্রাটের কারণে ফেব্রুয়ারির মধ্যে বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন শুরুর পরিকল্পনা এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

