স্টারলিংককে চ্যালেঞ্জ, মহাকাশে ৫ হাজার স্যাটেলাইট পাঠাবে বেজোস

প্রাইম বার্তা অনলাইন
২২ জানুয়ারি ২০২৬ ২:৫২ পিএম
স্টারলিংককে চ্যালেঞ্জ, মহাকাশে ৫ হাজার স্যাটেলাইট পাঠাবে বেজোস

ইলন মাস্কের স্টারলিংকের বিরুদ্ধে মহাকাশ ইন্টারনেট যুদ্ধে নেমেছে জেফ বেজোসের প্রতিষ্ঠান ব্লু অরিজিন। সম্প্রতি মার্কিন এই মহাকাশ সংস্থাটি জানিয়েছে, তারা ‘টেরাওয়েভ’ নামের একটি নতুন যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলতে মহাকাশে ৫ হাজার ৪০৮টি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করছে।

প্রতিষ্ঠানটির পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের শেষের দিকে এই নেটওয়ার্কের কাজ শুরু হবে। অত্যাধুনিক অপটিক্যাল কমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে এটি প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ৬ টেরাবিট ডেটা সরবরাহের ক্ষমতা রাখবে। এটি সাধারণ ইন্টারনেটের চেয়ে অনেক দ্রুত গতির হবে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং বৃহৎ ডেটা প্রসেসিংয়ের কাজে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। তবে এই নেটওয়ার্কটি সাধারণ মানুষের জন্য নয়, বরং সর্বোচ্চ এক লাখ সীমিত গ্রাহকের চাহিদা মেটানোর লক্ষ্যে তৈরি করা হচ্ছে।

বর্তমানে স্যাটেলাইট ইন্টারনেটের বাজারে এগিয়ে আছে স্পেসএক্স। প্রায় ১০ হাজার স্যাটেলাইট দিয়ে গড়া তাদের স্টারলিংক নেটওয়ার্ক বিশ্বের ১৪০টি দেশে ৬০ লাখের বেশি গ্রাহককে সেবা দিচ্ছে। অন্যদিকে, বেজোস ইতিমধ্যে অ্যামাজনের মাধ্যমে ‘প্রজেক্ট কুইপার’ বা ‘লিও’ নামে আরেকটি প্রকল্প পরিচালনা করছেন, যেখানে ৩ হাজার ২০০টি স্যাটেলাইট ব্যবহার করে ভোক্তা পর্যায়ে ইন্টারনেট সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...