বিজ্ঞাপন

সতর্কতা উপেক্ষা, আগামী দশকেই ১.৫ ডিগ্রি ছাড়ার শঙ্কা

প্রাইম বার্তা অনলাইন
২১ জানুয়ারি ২০২৬ ১১:০০ পিএম

জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহারের কারণে গত ২০ লাখ বছরের মধ্যে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের উপস্থিতি এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে যে, শিল্প-পূর্ব যুগের তুলনায় আগামী এক দশকের মধ্যেই বিশ্বের গড় তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা অতিক্রম করতে পারে। ২০২৪ সালে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ আগের চেয়ে দুই শতাংশেরও বেশি বেড়েছে, যা পৃথিবীর চারপাশে তাপ আটকে রেখে উষ্ণতা বাড়াচ্ছে।

প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখার লক্ষ্য থাকলেও বর্তমান অগ্রগতি তুলনামূলকভাবে ধীর। প্রতিবেদনে বলা হয়েছে, দেশগুলো তাদের বর্তমান প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করলেও শতাব্দীর শেষ নাগাদ তাপমাত্রা ২ দশমিক ৩ থেকে ২ দশমিক ৫ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এর ফলে প্রকৃতিতে খরা, বন্যা, তাপপ্রবাহ এবং ঘূর্ণিঝড়ের মতো বিপর্যয়ের মাত্রা বাড়বে। পরিস্থিতি সামাল দিতে হলে ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক নিঃসরণ প্রায় ৫৫ শতাংশ কমানো জরুরি।

বিজ্ঞাপন

ইউএনইপির জলবায়ু পরিবর্তন বিভাগ প্রধান মার্টিন ক্রাউসে বলেছেন, সব ধরনের সতর্কবার্তা উপেক্ষা করে বিশ্ব রেকর্ড পরিমাণে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করছে, যা সবার জন্য বড় একটি সতর্কবার্তা। তবে এই সংকট মোকাবিলায় এখনো সময় আছে। বিশেষজ্ঞদের মতে, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ও উন্নয়নশীল দেশগুলোর জন্য আর্থিক সহায়তা বাড়াতে হবে। প্রয়োজনীয় প্রযুক্তি ও জ্ঞান ইতিমধ্যেই আমাদের হাতের মুঠোয় এসেছে, এখন শুধু রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...