তুরস্কের পার্লামেন্টে বাজেট বিতর্কের সময় এমপিদের হাতাহাতি

প্রাইম বার্তা অনলাইন
২৪ ডিসেম্বর ২০২৫ ১২:৩২ এএম
তুরস্কের পার্লামেন্টে বাজেট বিতর্কের সময় এমপিদের হাতাহাতি

তুরস্কের গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনার সময় নজিরবিহীন বিশৃঙ্খলা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একে পার্টি) এবং প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)–এর সংসদ সদস্যদের মধ্যে এই সংঘাত প্রায় ১০ মিনিট স্থায়ী হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সংসদের স্পিকার নূমান কুরতুলমুশ অধিবেশন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেন। তীব্র উত্তেজনার মধ্যেও শেষ পর্যন্ত ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেট বিল এবং ২০২৪ সালের চূড়ান্ত হিসাব বিল পাস হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত রোববার (২১ ডিসেম্বর) বাজেট বিতর্কের শেষ দিনে একে পার্টির বুরসা থেকে নির্বাচিত এমপি মুস্তাফা ভারাঙ্ক বিরোধী দল সিএইচপি–র চেয়ারম্যান ওজগুর ওজেলকে লক্ষ্য করে কটাক্ষমূলক মন্তব্য করেন। এর জবাবে সিএইচপি এমপি গুনাইদিন সরকারকে ‘রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির’ অভিযোগে তীব্র সমালোচনা করেন।

পরবর্তীতে সিএইচপি গ্রুপের ডেপুটি চেয়ারম্যান আলি মাহির বাসারির প্রতিবাদকে কেন্দ্র করে উত্তেজনা আরও বাড়ে। মুহূর্তের মধ্যেই মৌখিক বিতর্ক ধাক্কাধাক্কি ও কিল–ঘুষিতে রূপ নেয়। সংসদের কেন্দ্রীয় চেম্বারে উভয় দলের একাধিক সদস্য একে অপরের ওপর চড়াও হন। নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খান।

প্রায় ১০ মিনিটের এই সংঘর্ষের পর অধিবেশন স্থগিত করা হয়। জানা গেছে, বিরতির সময়ও সংসদ ভবনের ভেতরে ধস্তাধস্তি চলতে থাকে। তবুও অস্থিতিশীলতার মধ্যেই বাজেট পাস সম্পন্ন হয়।

বাজেট অনুমোদনের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেট আইন দেশের অর্থনীতি ও জনগণের জন্য কল্যাণকর হবে বলে তিনি আশা করেন।

উল্লেখ্য, তুরস্কের পার্লামেন্টে এমন সংঘর্ষ নতুন নয়। গত বছরের আগস্টেও একটি বিতর্ককে কেন্দ্র করে সংসদ সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছিল।

তথ্যসূত্র: সৌদি গেজেট।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...