গুণ্ডামি মেনে নেবে না ইউরোপ: ট্রাম্পকে কঠোর বার্তা মাক্রোঁর
দাভোস বিশ্ব অর্থনৈতিক ফোরামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকির জোরালো জবাব দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। গ্রিনল্যান্ড হস্তান্তরে ইউরোপ অস্বীকৃতি জানালে বড় অঙ্কের শুল্ক আরোপের যে হুমকি দেওয়া হয়েছে, তাকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। মাক্রোঁ বলেন, ভয় দেখানো বা গুণ্ডামির মাধ্যমে ইউরোপকে কোনো সিদ্ধান্তে বাধ্য করা যাবে না, বরং আইনের শাসন ও সম্মানই তাদের প্রধান অগ্রাধিকার।
চোখের রক্তনালী ফেটে যাওয়ায় সুরক্ষামূলক চশমা পরেই বক্তব্য দেন ফরাসি নেতা। এসময় তিনি বলেন, বলপ্রয়োগ করে কোনো নিয়ম চাপিয়ে দেওয়া ইউরোপের জন্য গ্রহণযোগ্য নয়, যা করলে তারা ধীরে ধীরে পরাধীন হয়ে পড়বে। সাম্প্রতিক সময়ে ফ্রান্সের ওয়াইন ও শ্যাম্পেইনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প এবং ১ ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর করার ঘোষণা দিয়েছেন। এছাড়াও মাক্রোঁর একটি ব্যক্তিগত বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি, যা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে মনে করা হচ্ছে।
মাক্রোঁ জানিয়েছেন, রাশিয়া ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনার জন্য তিনি ট্রাম্পকে একটি জি-৭ বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন এবং তাকে প্যারিস সফরের আমন্ত্রণও জানিয়েছেন। তবে বুধবারের আগেই দাভোস ত্যাগ করার কারণে এই ফোরামে দুই নেতার দেখা হওয়ার সম্ভাবনা নেই। ওয়াশিংটনের এমন পদক্ষেপকে ইউরোপের প্রভাবশালী রাষ্ট্রগুলো ‘ব্ল্যাকমেইল’ হিসেবে অভিহিত করেছে এবং সার্বভৌমত্ব রক্ষায় তারা কোনো আপস করবে না বলে জানিয়েছে।

