একঘরে ইমরান: সাক্ষাতের অনুমতি চেয়ে আদালতে পিটিআই
কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে সাক্ষাতের অনুমতি পেতে ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) আবেদন জমা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির প্রায় ১৭ জন সিনেটরের একটি প্রতিনিধি দল এই আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন, যার মধ্যে ব্যারিস্টার সৈয়দ আলী জাফরও রয়েছেন। একইসঙ্গে আদিয়ালা কারাগারের সামনে অবস্থান কর্মসূচি শেষে রাওয়ালপিন্ডিতে সমাবেশের ডাক দেওয়ায় পুলিশ বলপ্রয়োগ করে দলটির বিক্ষোভ ছত্রভঙ্গ করে দিয়েছে।
সংবিধানের ১৯৯ অনুচ্ছেদের আওতায় দাখিল করা এই আবেদনে আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্ট এবং পাঞ্জাব স্বরাষ্ট্র দপ্তরকে বিবাদী করা হয়েছে। পিটিআই নেতাদের অভিযোগ, গত দুই মাস ধরে কোনো আইনি ভিত্তি বা বিচারিক আদেশ ছাড়াই ইমরান দম্পতিকে একঘরে করে রাখা হচ্ছে। এই দীর্ঘমেয়াদী একক কারাবাসকে তারা মানবাধিকার লঙ্ঘন এবং সংবিধান বিরোধী আখ্যা দিয়েছেন। আবেদনে বলা হয়, তাদের বই, পত্রিকা বা টেলিভিশন দেখার সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছে।
সিনেটর ব্যারিস্টার সৈয়দ আলী জাফর জানিয়েছেন, সংসদীয় তদারকি এবং মানব মর্যাদা ও আইনের শাসন রক্ষার সাংবিধানিক দায়িত্ব পালনের অংশ হিসেবেই তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। অন্যদিকে, বুধবার মধ্যরাতের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পিটিআই জানিয়েছে, আদিয়ালা কারাগারের সামনে থেকে রাওয়ালপিন্ডিতে সমাবেশে যাওয়ার চেষ্টার সময় পুলিশ বাধা দেয় এবং বলপ্রয়োগ করে দলটির কর্মসূচি পণ্ড করে দেয়। এতে পুলিশের হামলায় একাধিক নেতা-কর্মী আহত ও গ্রেফতার হয়েছেন বলে দাবি করা হয়েছে।

