পোল্যান্ডে কয়লা খনিতে মিথেন গ্যাস লিকেজে বিস্ফোরণ, নিহত ২
পোল্যান্ডের একটি কয়লা খনিতে মিথেন গ্যাস ও পাথরের বিস্ফোরণে দুই খনি শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) খনি কর্তৃপক্ষ এ প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে দক্ষিণ পোল্যান্ডের সিলেসিয়া অঞ্চলের প্নিওভেক খনিতে দুর্ঘটনাটি ঘটে। খনিটি পরিচালনাকারী প্রতিষ্ঠান ইয়াসত্রজেবস্কা স্পোলকা ভেগলোয়া (জেএসডব্লিউ) এক বিবৃতিতে জানায়, নিহত দুই শ্রমিকই ছিলেন অভিজ্ঞ এবং দীর্ঘদিন ধরে খনিশিল্পে কর্মরত। দুর্ঘটনার সময় তারা ভূপৃষ্ঠ থেকে প্রায় ৮৩০ মিটার গভীরে কাজ করছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়, গ্যাস লিকেজের পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। এ সময় খনির ভেতর থেকে আরও আটজন শ্রমিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকর্মীরা।
উল্লেখ্য, পোল্যান্ড এখনো তার মোট জ্বালানি চাহিদার প্রায় ৬০ শতাংশ কয়লার ওপর নির্ভরশীল। তবে সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক দুর্ঘটনার কারণে দেশটিতে খনি নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। চলতি বছর এখন পর্যন্ত পোল্যান্ডের বিভিন্ন খনিতে মোট ১৫ জন শ্রমিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন টিভিপি।
এটি প্নিওভেক খনিতে প্রথম বড় দুর্ঘটনা নয়। ২০২২ সালের এপ্রিলে একই খনিতে শক্তিশালী মিথেন গ্যাস বিস্ফোরণে ১৪ জন শ্রমিক ও উদ্ধারকর্মী নিহত হন। ধারাবাহিক এসব দুর্ঘটনার প্রেক্ষাপটে পোল্যান্ড সরকার অর্থনীতিকে কার্বনমুক্ত করার উদ্যোগ নিয়েছে। পরিবেশগত ঝুঁকি ও শ্রমিকদের নিরাপত্তা বিবেচনায় আগামী কয়েক দশকের মধ্যে পর্যায়ক্রমে একাধিক কয়লাখনি বন্ধ করার পরিকল্পনাও ঘোষণা করেছে দেশটি।
তথ্যসূত্র: রয়টার্স।

