সিরিয়া-গ্রিনল্যান্ড নিয়ে ম্যাক্রোঁ-রুটের বার্তা ফাঁস করলেন ট্রাম্প

প্রাইম বার্তা অনলাইন
২০ জানুয়ারি ২০২৬ ১০:১৯ পিএম
সিরিয়া-গ্রিনল্যান্ড নিয়ে ম্যাক্রোঁ-রুটের বার্তা ফাঁস করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এবং ন্যাটো মহাসচিব মার্ক রুটের পাঠানো ব্যক্তিগত বার্তার স্ক্রিনশট প্রকাশ করেছেন। ফাঁস হওয়া এসব বার্তায় সিরিয়া ও ইরান ইস্যুতে ট্রাম্পের পদক্ষেপের প্রতি তাদের সমর্থন এবং গ্রিনল্যান্ড নিয়ে সহযোগিতার আগ্রহ স্পষ্টভাবে ফুটে উঠেছে।

এমানুয়েল ম্যাক্রোঁর পাঠানো বার্তায় দেখা যায়, তিনি ট্রাম্পকে ‘বন্ধু’ সম্বোধন করে সিরিয়া পরিস্থিতি নিয়ে তাদের একমত থাকার কথা জানিয়েছেন। একইসাথে ইরান নিয়েও দু’পক্ষের মধ্যে ইতিবাচক কিছু করার প্রস্তাব দেন তিনি। যদিও গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের পদক্ষেপ নিয়ে তিনি ধোঁয়াশা প্রকাশ করেছেন, তবুও একসঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছেন। এছাড়া দাভোসের পর বৃহস্পতিবার প্যারিসে একটি জি-৭ বৈঠকের আয়োজন করে ইউক্রেন, রাশিয়া এবং সিরিয়ার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর কথাও উল্লেখ করেন ফরাসি প্রেসিডেন্ট।

অপরদিকে, ন্যাটো মহাসচিব মার্ক রুটের বার্তায় সিরিয়ায় ট্রাম্পের সাফল্যকে ‘অবিশ্বাস্য’ বলে প্রশংসা করা হয়েছে। রুট জানিয়েছেন, দাভোসে তিনি মিডিয়ার সহায়তা নিয়ে গাজা এবং ইউক্রেনে ট্রাম্পের ভূমিকা তুলে ধরবেন। এমনকি গ্রিনল্যান্ড ইস্যুতে এগিয়ে যাওয়ার পথ বের করতে ট্রাম্পকে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন ন্যাটো প্রধান।

এই অপ্রত্যাশিত পদক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক রাজনীতিতে শীর্ষ নেতাদের ব্যক্তিগত কূটনৈতিক আলাপচারিতার ভেতরকার চিত্র জনসমক্ষে এসেছে, যা বৈশ্বিক ইস্যুতে ট্রাম্পের অবস্থানকে আরও জোরদার করতে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...