ম্যাক্রোকে ক্ষমতাচ্যুতের হুমকি, ফ্রান্সের ওয়াইনে ২০০% শুল্কের ঘোষণা
গাজার শান্তি প্রক্রিয়ায় যোগদানে অনীহা দেখানোয় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার মিয়ামিতে সাংবাদিকদের সামনে তিনি ম্যাক্রোর পতনের ভবিষ্যদ্বাণী করার পাশাপাশি ফ্রান্সের ওয়াইন ও শ্যাম্পেনের ওপর দ্বিগুণ বা ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।
ট্রাম্প মন্তব্য করেন যে, আন্তর্জাতিক অঙ্গনে ম্যাক্রোর প্রভাব ক্ষয়ে যাচ্ছে এবং খুব শিগগিরই তিনি ক্ষমতা হারাবেন। তিনি বলেন, শত্রুতামূলক আচরণ অব্যাহত থাকলে এই শুল্কারোপ কার্যকর করা হবে, যা ম্যাক্রোকে গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণে গঠিত বোর্ড অব পিসে যোগদানে বাধ্য করবে। গত নভেম্বরে জাতিসংঘের অনুমোদনে গঠিত এই বোর্ডে রাশিয়া, ব্রিটেন, ভারত ও তুরস্কসহ বিশ্বের বিভিন্ন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও ফ্রান্সের আইন অনুযায়ী ২০২৭ সালের আগে ম্যাক্রোর মেয়াদ শেষ হবে না, তবুও ট্রাম্পের এই ‘ক্ষমতাচ্যুত’ করার কথা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
অন্যদিকে, গ্রিনল্যান্ড ইস্যুতেও ইউরোপের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটছে। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, বিশ্ব নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতেই হবে যুক্তরাষ্ট্রকে, অন্যথায় ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত আটটি দেশের ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। মার্কিন প্রেসিডেন্টের এমন একগুঁয়ে অবস্থানের বিরুদ্ধে ইউরোপীয় দেশগুলো পাল্টা অর্থনৈতিক প্রতিশোধ ও বৈষম্যমূলক শুল্ক আরোপের পরিকল্পনা করছে।

