নোবেল বঞ্চনায় ট্রাম্পের ক্ষোভ, গ্রিনল্যান্ড ইস্যুতে ইইউকে শুল্কের হুমকি
নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরেকে পাঠানো এক চিঠিতে সরাসরি জানিয়েছেন যে, আটটি যুদ্ধ বন্ধ করার পরেও তাকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়ায় এখন তিনি আর শুধুমাত্র ‘শান্তি’ নিয়ে ভাবতে বাধ্য নন। একইসঙ্গে গ্রিনল্যান্ড দখলের প্রচেষ্টার বিরোধিতার জেরে ইউরোপের আটটি দেশের ওপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পদক্ষেপকে ব্ল্যাকমেইল আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও পাল্টা শুল্ক আরোপের পথে হাঁটছে ইউরোপীয় ইউনিয়ন।
মধ্যপ্রাচ্যেও উত্তেজনা বিরাজ করছে। ইরানে সাম্প্রতিক বিক্ষোভের প্রেক্ষাপটে ইরানে হামলা না চালাতে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে পরামর্শ দিয়েছে—এমন খবর জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে রিয়াদ। বিক্ষোভ স্তিমিত হলেও দেশটিতে সিদ্ধান্ত নিতে মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হয়েছে মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। অন্যদিকে আফ্রিকার উগান্ডায় গত ১৫ জানুয়ারির নির্বাচনে জয়ী হয়ে টানা সপ্তমবারের মতো ক্ষমতায় আসছেন ইয়োয়েরি মুসেভেনি। গত চার দশকেরও বেশি সময় ধরে কাম্পালার স্টেট হাউসে তার একচ্ছত্র আধিপত্য অব্যাহত রয়েছে।
বাণিজ্যিক খাতেও নতুন জটিলতা দেখা দিয়েছে। ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে চলমান আলোচনায় ডাল আমদানি শুল্ক ইস্যু বাধা হয়ে দাঁড়িয়েছে। ভারত মার্কিন ডাল আমদানিতে ৩০ শতাংশ শুল্ক আরোপ করায় তীব্র ক্ষোভ প্রকাশ করে দুইজন রিপাবলিকান সিনেটর ডোনাল্ড ট্রাম্পের কাছে বিষয়টি নিয়ে চিঠি দিয়েছেন।

