কলম্বিয়ার মাদক বাণিজ্য নিয়ে ফার্কের দুই গ্রুপের সংঘর্ষে ২৭ জনের মৃত্যু
কলম্বিয়ার মধ্যাঞ্চলে কোকেন উৎপাদন ও পাচারের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল নিয়ন্ত্রণকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী দুই বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। রোববার (১৮ জানুয়ারি) রাজধানী বোগোতা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত গুয়াভিয়ারি প্রদেশের এল রেতোর্নোর একটি গ্রামীণ এলাকায় এই সংঘর্ষ সংঘটিত হয়। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, সাম্প্রতিক সময়ে এটিই সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনা।
কলম্বিয়ার বিপ্লবী সশস্ত্র বাহিনীর (ফার্ক) দুটি বিভক্ত গোষ্ঠীর মধ্যে এই লড়াই হয়েছে। একটি গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন দেশের অন্যতম বিদ্রোহী নেতা ‘ইভান মরদিস্কো’ বা নেস্টর গ্রেগোরিও ভেরা এবং অপরটির নেতা ‘কালারকা কর্দোবা’ বা আলেক্সান্দার দিয়াজ মেন্দোজা। আলেক্সান্দারের দলটি বর্তমানে প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সরকারের সঙ্গে শান্তি আলোচনায় মুখোমুখি হলেও, সরকারের সঙ্গে যুদ্ধবিরতি স্থগিত করে ইভান মরদিস্কোর বাহিনী নিয়মিতভাবে হামলা চালিয়ে যাচ্ছে।
এই দুই গোষ্ঠীই ২০১৬ সালের শান্তিচুক্তি প্রত্যাখ্যান করেছিল, যদিও ওই চুক্তির আওতায় প্রায় ১৩ হাজার ফার্ক সদস্য সাধারণ জীবনে ফিরে এসেছিলেন। মাদক বাণিজ্য ও অবৈধ খনির অর্থে চলা কলম্বিয়ার ছয় দশকের এই সশস্ত্র সংঘাতে এ পর্যন্ত চার লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। প্রেসিডেন্ট পেত্রোর শান্তি উদ্যোগ বর্তমানে স্থবির অবস্থায় রয়েছে। ইভান মরদিস্কোকে প্রেসিডেন্ট পেত্রো কুখ্যাত মাদকসম্রাট পাবলো এস্কোবারের সমতুল্য বলে অভিহিত করেছেন।

