গাজার শান্তি পরিষদে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্পের, ক্ষুব্ধ ইসরায়েল

প্রাইম বার্তা অনলাইন
১৯ জানুয়ারি ২০২৬ ৯:২৯ পিএম

ফিলিস্তিনের গাজা উপত্যকা পরিচালনার দায়িত্বে থাকা ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদে যোগ দেওয়ার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিষদে সদস্য হওয়ার জন্য এর আগেই পাকিস্তান, তুরস্ক, মিশর ও জর্ডানকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

কূটনৈতিক পথে এই প্রস্তাব পেয়েছেন বলে নিশ্চিত করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি জানান, বিষয়টি বিস্তারিতভাবে খতিয়ে দেখছে মস্কো এবং স্পষ্ট ধারণা পেতে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করতে চায়। অন্যদিকে, ট্রাম্পের এই উদ্যোগের তীব্র বিরোধিতা করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শাসক জোটের সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন এবং জানিয়েছেন যে, তাদের সঙ্গে আলোচনা না করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গাজায় চলমান সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের সমর্থিত পরিকল্পনার অংশ হিসেবে এই পরিষদ গঠন করা হচ্ছে। তবে ইসরায়েলের পররাষ্ট্র নীতির সরাসরি পরিপন্থী বলে এই নির্বাহী বোর্ড গঠনের ঘোষণাকে উল্লেখ করেছে নেতানিয়াহুর কার্যালয়। ফলে গাজার ভবিষ্যৎ প্রশাসন নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে জটিলতা তৈরি হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...