করাচির শপিংমলে অগ্নিকাণ্ডে মৃত্যু ২৬, উদ্ধার অভিযান অব্যাহত

প্রাইম বার্তা অনলাইন
১৯ জানুয়ারি ২০২৬ ৮:২৫ পিএম
করাচির শপিংমলে অগ্নিকাণ্ডে মৃত্যু ২৬, উদ্ধার অভিযান অব্যাহত

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচির এম এ জিন্নাহ সড়কে অবস্থিত একটি বহুতল শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। গত সোমবার ভবনটিতে আগুন লাগার পর থেকে এখনও অনেকে ভেতরে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারী দল ভবন থেকে আরও দুটি লাশ উদ্ধার করেছে, যার মধ্যে একজন শিশু রয়েছে।

ডেপুটি ইনস্পেক্টর জেনারেল (সাউথ) আসাদ রাজা জানিয়েছেন, এখন পর্যন্ত ৬৯ জন নিখোঁজ রয়েছেন এবং ছয়জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অন্যদের শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা প্রয়োজন হবে। অপরদিকে করাচি মেয়র মুর্তজা ওয়াহাব ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেছেন, নিখোঁজের সংখ্যা ৬৫ এবং এখন পর্যন্ত ১৮টি মরদেহ শনাক্ত করা হয়েছে।

আগুন প্রায় ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলতে থাকায় এবং ঘন ধোঁয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়েছে। ভবনে পর্যাপ্ত বায়ুচলাচল না থাকায় ধোঁয়া ভেতরেই আটকে পড়ে, যা আটকে পড়া মানুষদের কাছে পৌঁছাতে বাধা দেয়। ফায়ার ব্রিগেড জানিয়েছে, প্রথম তলার অভিযান শেষে দ্বিতীয় তলায় কাজ শুরু হয়েছে। এদিকে, ভবনের বাইরে জড়ো হওয়া স্বজনরা উত্তেজিত হয়ে ভাঙা অংশ দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করেছেন এবং এই দুর্ঘটনার জন্য দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...