সপ্তমবারের মতো জয়, দীর্ঘশাসনের রেকর্ড গড়লেন মুসেভেনি

প্রাইম বার্তা অনলাইন
১৯ জানুয়ারি ২০২৬ ৭:২১ পিএম
সপ্তমবারের মতো জয়, দীর্ঘশাসনের রেকর্ড গড়লেন মুসেভেনি

উগান্ডার রাজধানী কাম্পালার স্টেট হাউসে গত ৪০ বছর ধরে একই ব্যক্তির রাজত্ব চলছে। সদ্য সমাপ্ত নির্বাচনে জয় পেয়ে ইয়োভেরি মুসেভেনি টানা সপ্তমবারের মতো দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। গত ১৫ জানুয়ারি অনুষ্ঠিত ভোটে তিনি প্রায় ৭২ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন।

এই নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী রবার্ট কিয়াগুলানি ওরফে ববি ওয়াইন। ৮১ বছর বয়সী মুসেভেনি বর্তমানে বিশ্বের তৃতীয় দীর্ঘমেয়াদী সরকার প্রধান। ২০২৪ সালে নিজের পুত্র জেনারেল মুহুজি কাইনেরুগাবাকে সেনাবাহিনীর প্রধান করায় ক্ষমতার বংশানুক্রমিক পরিবর্তন নিয়ে দেশে উদ্বেগ তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, নিয়মিত নির্বাচন হলেও মুসেভেনি ক্ষমতা ধরে রাখতে দমন-পীড়ন ও সহিংসতার আশ্রয় নেন। বিরোধীদল, সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের ওপর কঠোর ব্যবস্থা নেওয়া হয়। এর আগে ববি ওয়াইনের সমাবেশে নিরাপত্তা বাহিনীর হামলায় অনেকে প্রাণ হারিয়েছেন। নির্বাচনের আগে বিরোধী শিবিরের ওপর নির্যাতন চালানোর অভিযোগও তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

উগান্ডার প্রায় ৭০ শতাংশ মানুষের বয়স ৩৫ বছরের নিচে, যারা মুসেভেনিকে ছাড়া অন্য কোনো প্রেসিডেন্টকে চেনেন না। আগামী ২০৩১ সালে তার মেয়াদ শেষ হলে তিনি টানা ৪৫ বছর দেশ শাসন করবেন। আফ্রিকার অন্যান্য দেশের মতো উগান্ডাতেও গণতন্ত্রের ছলে দীর্ঘমেয়াদী শাসন ব্যবস্থা অব্যাহত থাকার আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...