মিনেসোটায় বিক্ষোভে ট্রাম্পের সেনা মোতায়েন প্রস্তুতি, চরম উত্তেজনা
মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটায় অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে আলাস্কাভিত্তিক ১১তম এয়ারবোর্ন ডিভিশনের দুই ব্যাটালিয়নকে মোতায়েনের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে পেন্টাগন। এক তিন সন্তানের জননীকে আইসিই এজেন্ট কর্তৃক গুলি করে হত্যার ঘটনার পর থেকেই রাজ্যটিতে উত্তেজনা বিরাজ করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ১৮০৭ সালের ‘ইনসারেকশন অ্যাক্ট’ প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন, যার প্রেক্ষিতে এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
গত ৭ জানুয়ারি আইসিই এজেন্ট জোনাথন রস তিন সন্তানের জননী ও কবি রেনি নিকোল গুডকে (৩৭) তার গাড়িতে গুলি করে হত্যা করেন। সন্তানকে স্কুলে নামিয়ে দিয়ে ফেরার পথে এই ঘটনা ঘটে এবং পরিবারের দাবি, তিনি কোনো বিক্ষোভকারী ছিলেন না। এই হত্যাকাণ্ডের ভিডিও প্রকাশের পর মিনিয়াপোলিস জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়লে ট্রাম্প বিক্ষোভকারীদের ‘পেশাদার আন্দোলনকারী’ ও ‘বিদ্রোহী’ আখ্যা দিয়েছেন। তবে মিনিয়াপোলিসের মেয়র জেকব ফ্রে সেনা মোতায়েনের তীব্র বিরোধিতা করে বলেছেন, এটি পরিস্থিতি আরও উত্তপ্ত করবে এবং নাগরিকদের সুরক্ষায় অতিরিক্ত ফেডারেল বাহিনীর প্রয়োজন নেই।
পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে রাজ্যে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হলেও প্রায় ৩ হাজার ফেডারেল এজেন্টের উপস্থিতির মধ্যেও নতুন করে ১ হাজার ৫০০ সেনাসদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানিয়েছেন, আলাস্কার এই সেনারা চরম শীত ও প্রতিকূল পরিবেশে অভিযানে সক্ষম। সেনা মোতায়েনের এই প্রস্তুতিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রজুড়ে উদ্বেগ বাড়ছে; বিরোধীরা একে ট্রাম্পের ‘কর্তৃত্ববাদী’ আচরণ বলে অভিহিত করেছেন।

