কিস্তওয়ারে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে আহত ৭ সেনা, চলছে অভিযান

প্রাইম বার্তা অনলাইন
১৮ জানুয়ারি ২০২৬ ৯:৫৫ পিএম
কিস্তওয়ারে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে আহত ৭ সেনা, চলছে অভিযান

জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলার একটি দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে তীব্র গোলাগুলিতে অন্তত সাতজন ভারতীয় সেনা সদস্য আহত হয়েছেন। গত রোববার (১৮ জানুয়ারি) দুপুরে জম্মুভিত্তিক হোয়াইট নাইট কোরের তত্ত্বাবধানে পরিচালিত ‘অপারেশন ত্রাশি-আই’-এর অংশ হিসেবে এই অভিযান শুরু হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী ওই এলাকায় তল্লাশি চালালে বন্দুকধারীরা তাদের ওপর হামলা করে।

সেনা ও পুলিশ সূত্রে জানা গেছে, চাত্রুর উত্তর-পূর্বে সোনার এলাকায় যৌথ বাহিনী তল্লাশি অভিযান চালানোর সময় দুই থেকে তিনজন বন্দুকধারী তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় সন্ত্রাসীরা ঘেরাও ভাঙার চেষ্টায় একাধিক গ্রেনেডও নিক্ষেপ করে। অফিসারদের ধারণা, হামলাকারীরা পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের (জেইএম) সদস্য। পাল্টা হামলায় জবাব দেয় নিরাপত্তা বাহিনী এবং দুই পক্ষের মধ্যে বিচ্ছিন্নভাবে গুলিবিনিময় চলতে থাকে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত সেনা ও সিআরপিএফ সদস্যদের মোতায়েন করা হয়েছে। বেসামরিক প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় রেখে ওই এলাকার ঘেরাও আরও জোরদার করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, অভিযান এখনও চলমান রয়েছে এবং লুকিয়ে থাকা সন্ত্রাসীদের খতম করার লক্ষ্যে তৎপরতা অব্যাহত আছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...