নোবেল জয়ী মাচাদোর সমুদ্রপথে নাটকীয় পালানোর গল্প
নিকোলাস মাদুরো সরকারের নির্যাতন এবং গুমের ভয়ে দীর্ঘদিন আত্মগোপনে থাকা ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে সমুদ্রপথে বিপদকর অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার খবর পেয়ে ঝড়-বৃষ্টি উপেক্ষা করেই দেশ ছেড়ে পালানোর ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেন তিনি। যুক্তরাষ্ট্রভিত্তিক উদ্ধারকারী সংস্থা গ্রে বুলের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।
গ্রে বুলের প্রতিষ্ঠাতা ব্রায়ান স্টার্ন জানান, ভেনেজুয়েলার উপকূল থেকে রওনা হওয়ার পর আন্তর্জাতিক জলসীমায় তাকে একটি বিশেষ নৌকায় তোলা হয়। নৌকায় ওঠার সময় ভিজে যাওয়া মাচাদো স্টার্নকে বলেন, তিনি খুব ঠান্ডায় ভুগছেন। এরপর স্টার্ন তাকে নিরাপদে নিয়েছেন বলে নিশ্চিত করেন। পরে একটি ভিডিও বার্তায় মাচাদো নিজেকে জীবিত ও নিরাপদ দাবি করে উদ্ধারকারী দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রায় ১৬ ঘণ্টাব্যাপী এই অভিযানের বেশিরভাগ সময়ই ছিল গভীর রাতে এবং উত্তাল সমুদ্রে।
ভোররাতে কুরাসাও দ্বীপের দিকে যাত্রা করে তারা তীরে পৌঁছান। সেখান থেকে মাচাদো বিমানে করে নরওয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে নোবেল পুরস্কার গ্রহণ করেন। স্টার্ন জানিয়েছেন, এই অভিযানে যুক্তরাষ্ট্রের সরাসরি কোনো আর্থিক সহায়তা ছিল না, তবে সমুদ্রে নিরাপত্তার বিষয়টি তারা মার্কিন সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করেছিলেন। অন্যদিকে, মাদক পাচারের অভিযোগে মার্কিন অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী আটক হওয়ায় বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ডেলিস রদ্রিগেজ।

