গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি, রুখে দাঁড়াল ইউরোপীয়রা
গ্রিনল্যান্ড অধিগ্রহণের প্রস্তাবের বিরোধিতার জের ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আটটি ইউরোপীয় মিত্র দেশের ওপর নতুন শুল্কারোপের হুমকি দিয়েছেন। আগামী ১ ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্যসহ আটটি দেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে, যা পরবর্তীতে ২৫ শতাংশে উন্নীত হতে পারে। এই পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন এবং সংশ্লিষ্ট দেশগুলোর নেতারা।
ট্রাম্পের এই সিদ্ধান্তকে একেবারেই ভুল বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ একে অগ্রহণযোগ্য হিসেবে অভিহিত করেছেন। সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন একে ব্ল্যাকমেইল বলে মন্তব্য করে যৌথ পাল্টা পদক্ষেপের আভাস দিয়েছেন। এর আগে গত ১৭ জানুয়ারি গ্রিনল্যান্ড ও ডেনমার্কের হাজার হাজার মানুষ ট্রাম্পের এই ভূমিকার বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, ইউরোপীয় দেশগুলো একটি বিপজ্জনক খেলা খেলছে এবং জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বলেছেন যুক্তরাষ্ট্রের অধীনেই গ্রিনল্যান্ডবাসী নিরাপদ।
ইউরোপীয় নেতারা সাফ জানিয়েছেন, তারা এই ধরনের বাণিজ্যিক ও কূটনৈতিক চাপের মুখে নতি স্বীকার করবেন না। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন এই হুমকিকে অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা ভূখণ্ড রক্ষায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। এই পরিস্থিতির কারণে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তিটি এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। ইউরোপীয় পার্লামেন্টের ইপিপি গ্রুপের প্রধান মানফ্রেড ওয়েবার জানিয়েছেন, হুমকির মুখে এই চুক্তি অনুমোদন করা সম্ভব নয় এবং মার্কিন পণ্যের ওপর শূন্য শতাংশ শুল্কের প্রস্তাব স্থগিত রাখা উচিত।

