তিন হাজার হত্যার পর ইরানে নীরবতা, সরকারের টিকে থাকা কঠিন
তেহরানের রাজপথে এখন আর বিক্ষোভের স্লোগান শোনা যাচ্ছে না, বিরাজ করছে এক থমথমে নীরবতা। দেশজুড়ে বছরের পর বছরের অসন্তোষ থেকে সৃষ্ট বৃহত্তম গণবিক্ষোভকে সাময়িকভাবে দমন করতে সক্ষম হয়েছে সরকার। মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, এই দমন-পীড়নে প্রায় তিন হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, যা আধুনিক ইরানের ইতিহাসে এক ভয়াবহ অধ্যায় হিসেবে চিহ্নিত হবে।
গত ২০২৫ সালের ২৮ ডিসেম্বর লাগামছাড়া মূল্যস্ফীতি ও খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই আন্দোলন শুরু হয়। অর্থনৈতিক সংকট থেকে এটি দ্রুত সরকারবিরোধী রূপ নেয় এবং ১৯৭৯ সালের পর বর্তমান শাসনব্যবস্থার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জে পরিণত হয়। আন্দোলনকারীরা একইসাথে নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির প্রত্যাবর্তনের দাবিও তুলেছিলেন। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সাথে সংঘাত এবং আঞ্চলিক প্রভাব কমে যাওয়ায় তেহরান কোনো আপস না করেই কঠোর দমন নীতি গ্রহণ করেছিল।
আন্তর্জাতিক অঙ্গনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হুমকির মধ্যেও কূটনৈতিক তৎপরতায় যুদ্ধের আশঙ্কা কিছুটা কমেছে। তবে পারস্য উপসাগরে মার্কিন রণতরী মোতায়েন ও পরমাণু ইস্যুতে চাপ সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, যদিও সরকার নিরাপত্তা বাহিনীর ওপর ভর করে টিকে আছে, জনগণের সাথে রাষ্ট্রের সামাজিক চুক্তি চিরতরে ভেঙে গেছে। বিরোধীদের মধ্যে ঐক্যের অভাব ও জাতিগত বৈচিত্র্যের কারণে রাজনৈতিক শূন্যতা দেশটিকে ভেঙে পড়ার ঝুঁকিতে ফেলতে পারে। ১৯৭৯ সালের মতোই পরিবর্তনের ঢেউ বারবার আছড়ে পড়ায় বর্তমান শাসনব্যবস্থার ভবিষ্যৎ এখন অনিশ্চিত।

