বিজ্ঞাপন

নীল নদ ইস্যুতে মধ্যস্থতা করতে চান ট্রাম্প, স্বাগত মিশর-সুদানের

প্রাইম বার্তা অনলাইন
১৮ জানুয়ারি ২০২৬ ১১:১৭ এএম
নীল নদ ইস্যুতে মধ্যস্থতা করতে চান ট্রাম্প, স্বাগত মিশর-সুদানের

নীল নদের পানি বণ্টন নিয়ে ইথিওপিয়ার সঙ্গে চলমান বিরোধ এবং গ্রান্ড ইথিওপিয়ান রেনেসাঁ ড্যাম (জিইআরডি) নির্মাণ ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছে মিশর ও সুদান। শনিবার (১৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং সুদানের সার্বভৌম কাউন্সিলের প্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান মার্কিন প্রেসিডেন্টের এই উদ্যোগকে স্বাগত জানান।

এক্স হ্যান্ডেলে পোস্ট করা বার্তায় মিশরীয় প্রেসিডেন্ট সিসি নীল নদকে তার দেশের মানুষের জীবনরেখা বলে অভিহিত করেন এবং এ বিষয়ে ট্রাম্পের আগ্রহের প্রশংসা করেন। তিনি জানান, আন্তর্জাতিক আইনের আওতায় থেকে কোনো পক্ষের ক্ষতি না করে সবার স্বার্থে নীল অববাহিকার দেশগুলোর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখতে চায় কায়রো। এ লক্ষ্যে তিনি ট্রাম্পকে একটি চিঠিও পাঠিয়েছেন, যেখানে মিশরের পানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

সুদানের সামরিক শাসক আবদেল ফাত্তাহ আল-বুরহানও ট্রাম্পের মধ্যস্থতা পরিকল্পনার প্রশংসা করেছেন। তার মতে, এই উদ্যোগ এমন একটি টেকসই সমাধানের পথ সুগম করবে যা সব পক্ষের অধিকার নিশ্চিত করবে এবং এলাকার নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। এর আগে শুক্রবার (১৬ জানুয়ারি) ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, মিশর ও ইথিওপিয়ার মধ্যে নাইল নদ নিয়ে দীর্ঘদিনের এই সংঘাত মেটাতে আবারও মধ্যস্থতায় ফিরতে চায় যুক্তরাষ্ট্র। প্রায় ৬,৬৫০ কিলোমিটার দীর্ঘ এই নদী আফ্রিকা মহাদেশের ১১টি দেশ—বুরুন্ডি, রুয়ান্ডা, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, কেনিয়া, উগান্ডা, তানজানিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া, দক্ষিণ সুদান, সুদান ও মিশর—ভাগাভাগি করে ব্যবহার করে আসছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...