তিন হাজার প্রাণহানির পর ইরানে নীরবতা, সামাজিক চুক্তি ভেঙে পড়ার শঙ্কা
রাজধানী তেহরানসহ ইরানের রাজপথে এখন এক অদ্ভুত নীরবতা বিরাজ করছে। গত ২৮ ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হওয়া দেশব্যাপী গণবিক্ষোভ সরকারের নজিরবিহীন দমন-পীড়নের মুখে সাময়িকভাবে স্তিমিত হলেও সেই অগ্নিনির্বাপণে প্রাণ হারিয়েছেন প্রায় তিন হাজার মানুষ। অর্থনৈতিক মন্দা এবং রিয়ালের অবমূল্যায়নের কারণে শুরু হওয়া এই আন্দোলনটি দ্রুত সরকার পতনের দাবিতে পরিণত হয়, যা ১৯৭৯ সালের পর ইসলামি প্রজাতন্ত্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়।
আগামী মাসে ইসলামী বিপ্লবের ৪৭তম বার্ষিকী উদযাপনের প্রস্তুতি চললেও ক্ষমতাসীনদের মনে এখন টিকে থাকার আতঙ্ক বেশি ভর করেছে। এবারের আন্দোলনকারীরা কেবল অর্থনৈতিক দাবিতে সীমাবদ্ধ ছিলেন না, তারা নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির প্রত্যাবর্তনের পক্ষেও সোচ্চার হয়েছেন। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সামরিক সংঘাতের মধ্যেও তেহরান কোনো আপস না করে কঠোর হস্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মধ্যেও পারস্য উপসাগরে মার্কিন রণতরী মোতায়েন ইরানকে আলোচনার টেবিলে দুর্বল অবস্থানে ঠেলে দিয়েছে, যেখানে ওয়াশিংটন এখন পরমাণু ইস্যুর পাশাপাশি মিসাইল প্রোগ্রাম ও আঞ্চলিক নিয়ন্ত্রণ নিয়েও সর্বোচ্চ চাপ প্রয়োগ করছে।
রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, অস্তিত্ব রক্ষায় ইরানের বর্তমান নেতৃত্বকে হয়তো ১৯৮৮ সালে আয়াতুল্লাহ খোমেনির মতো ‘বিষপান’ করে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। তবে এমনকি কোনো সমঝোতা হলেও জনগণের সঙ্গে রাষ্ট্রের সামাজিক চুক্তিটি চিরতরে ভেঙে গেছে বলে মনে করছেন তারা। সাধারণ মানুষ এখন রাষ্ট্রের ওপর থেকে আস্থা হারিয়েছেন। অন্যদিকে, বিদেশে অবস্থানরত বিরোধীদলগুলোর মধ্যে ঐক্যের অভাব এবং রেজা পাহলভির নেতৃত্ব নিয়ে সংশয় থাকায় জাতিগত বৈচিত্র্যময় ইরান ভেঙে পড়ার ঝুঁকি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে স্পষ্ট বিষয় হলো, এবারের দমন-পীড়নে বিক্ষোভ হয়তো থেমেছে কিন্তু শেষ হয়ে যায়নি; ১৯৭৯ সালের বিপ্লবের মতোই পরিবর্তনের ঢেউ বারবার আছড়ে পড়বে।

