ট্রাম্পের আমন্ত্রণে গাজা শান্তি পরিষদে এরদোগান-সিসি
গাজা উপত্যকার অন্তর্বর্তীকালীন প্রশাসন তত্ত্বাবধানের জন্য গঠিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এই আমন্ত্রণ জানানো হয়েছে বলে আঙ্কারা ও কায়রোর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
গত সেপ্টেম্বরে গাজা ইস্যুতে তার শান্তি পরিকল্পনা উন্মোচন করেছিলেন ট্রাম্প, যা পরে ইসরায়েল ও হামাসের সম্মতি লাভ করে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার হোয়াইট হাউস পরিষদের প্রাথমিক সদস্যদের নাম ঘোষণা করেছে। পরিষদের চেয়ারম্যান হিসেবে ট্রাম্প নিজে থাকছেন। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, জামাতা জ্যারেড কুশনার, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং জাতিসংঘের সাবেক দূত নিকোলাই ম্লাদেনভ।
তুরস্কের প্রেসিডেন্টের একজন মুখপাত্র গতকাল শনিবার জানিয়েছেন, ট্রাম্পের কাছ থেকে পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য হওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন এরদোগান। অপরদিকে, মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি জানান, তার দেশের প্রেসিডেন্ট আল-সিসি যে আমন্ত্রণ পেয়েছেন, তা বর্তমানে সরকারের পক্ষ থেকে যথাযথভাবে পর্যালোচনা করা হচ্ছে। এই শান্তি পরিষদের মূল দায়িত্ব হবে গাজার একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট বডি বা অন্তর্বর্তীকালীন প্রশাসনের ওপর তদারকি করা।

