মসজিদ প্রোফাইলিংয়ের প্রতিবাদে ভারতের বিরুদ্ধে তীব্র নিন্দা পাকিস্তানের
জম্মু ও কাশ্মীরে মসজিদ এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ওপর গোয়েন্দা নজরদারি বা ‘প্রোফাইলিং’ করার অভিযোগে ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পাকিস্তান। শনিবার (১৭ জানুয়ারি) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এই পদক্ষেপকে ধর্মীয় বিশ্বাসে সরাসরি হস্তক্ষেপ বলে অভিহিত করে তীব্র নিন্দা জানানো হয়। ইসলামাবাদের দাবি, ধর্মীয় কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্য ও ছবি জোরপূর্বক সংগ্রহ করা হচ্ছে, যা ওই অঞ্চলের মুসলিম জনগোষ্ঠীকে ভীতি প্রদর্শন ও ধর্ম পালনে বাধা দেওয়ার অংশ।
এমন সময় এই অভিযোগ উঠল, যখন যুক্তরাষ্ট্রভিত্তিক ‘ইন্ডিয়া হেট ল্যাব’ নামে একটি গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে যে ২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ১৩ শতাংশ বেড়েছে। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই পরিস্থিতি উদ্বেগজনক। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের মতো সংস্থাগুলোও সংখ্যালঘু নির্যাতন বাড়ার কথা জানিয়ে আসছে। নাগরিকত্ব আইন ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের মাধ্যমে হিন্দুত্ববাদী আদর্শ বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।
মুসলিমদের পাশাপাশি খ্রিস্টান সম্প্রদায়ের ওপরও হামলা বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে। গত ডিসেম্বরে ছত্তিশগড় ও আসামের নলবাড়িতে বড়দিনের সাজসজ্জায় হামলা চালিয়েছে উগ্রপন্থী গোষ্ঠী। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা কাশ্মীরিসহ সব সংখ্যালঘুদের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং ধর্মীয় নিপীড়নের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে তাদের কণ্ঠস্বর তুলে ধরে যাবে।

