সৌদি আরবের খনি থেকে উত্তোলন দুই লাখ ২১ হাজার কেজি স্বর্ণ

প্রাইম বার্তা অনলাইন
১৭ জানুয়ারি ২০২৬ ২:০৫ পিএম
সৌদি আরবের খনি থেকে উত্তোলন দুই লাখ ২১ হাজার কেজি স্বর্ণ

সৌদি আরবের রাষ্ট্রীয় খনন কোম্পানি মা’আদেন তাদের খনিজ সম্পদের ভাণ্ডারে বিশাল এক যোগান দিয়েছে। চারটি ভিন্ন খনি এলাকা থেকে মোট ৭৮ লাখ আউন্স বা প্রায় দুই লাখ ২১ হাজার কেজি স্বর্ণ উত্তোলনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এই বিপুল পরিমাণ স্বর্ণ আহরণের মাধ্যমে সৌদি আরব নিজস্ব খনিজ সম্পদের মজুদ বাড়ানোর পাশাপাশি বিশ্বমানের স্বর্ণ উত্তোলনকারী প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে সক্ষম হবে।

লক্ষ্যভিত্তিক অনুসন্ধানের ফলে মানসুরাহ মাসসারাহ, উরুক ২০/২১, উম্ম আস সালাম এবং ওয়াদি আল জাও—এই চারটি খনি থেকে স্বর্ণগুলো উত্তোলন করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রায় ৩০ লাখ ৮০ হাজার আউন্স স্বর্ণ মিলেছে নতুন খনি ওয়াদি আল জাও থেকে, যেখান থেকে এটিই প্রথম স্বর্ণ আহরণ করা হলো। এছাড়া মানসুরাহ মাসসারাহ থেকে ৩০ লাখ এবং উরুক ২০/২১ ও উম্ম আস সালাম মিলিয়ে ১৬ লাখ ৭০ হাজার আউন্স স্বর্ণ পাওয়া গেছে। যদিও শুরুতে ৯০ লাখ আউন্সের বেশি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, তবে বার্ষিক হিসাব নিকাশের মানদণ্ড অনুযায়ী চূড়ান্ত লক্ষ্যমাত্রা কিছুটা কমানো হয়েছে।

মা’আদেনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বব উইল্ট বলেন, এই সাফল্য প্রমাণ করে যে কোম্পানির দীর্ঘমেয়াদী কৌশল মাঠ পর্যায়ে সফলভাবে কাজ করছে। তিনি জানান, সৌদি আরবের স্বর্ণ ভাণ্ডারে বিনিয়োগ অব্যাহত রাখার ফলে তাদের সম্পদ বৃদ্ধি পাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, অনুসন্ধান ও খনি উন্নয়নের কাজ এগিয়ে নেওয়ার কারণে এই সম্পদ বৃদ্ধি পেয়েছে, যা ভবিষ্যতে নগদ অর্থের প্রবাহ বাড়াতে সহায়তা করবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...