ইরানের বিরুদ্ধে ট্রাম্পের জয় সহজ নয়, ভয়াবহ প্রতিক্রিয়ার শঙ্কা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পরাজিত করার যে দাবি করেছেন, তা বাস্তবে ভেনেজুয়েলার মতো সহজ হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে থাকা ইরানের আদর্শিক শাসনব্যবস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয়ের কোনো সহজ পথ নেই বলেই তাদের ধারণা।
বিশেষজ্ঞদের সতর্কবার্তা, বড় ধরনের কোনো সামরিক অভিযান চালালে তেহরান তাৎপর্যপূর্ণ পাল্টা জবাব দিতে পারে। গত বছর জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা কিংবা ২০২০ সালে শীর্ষ সামরিক নেতা কাসেম সোলাইমানিকে হত্যার পর ইরান যে প্রতিক্রিয়া দেখিয়েছিল, ভবিষ্যতে তা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। স্টিমসন সেন্টারের গবেষক বারবারা স্লাভিন জানিয়েছেন, শাসনব্যবস্থা যদি মনে করে তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, তবে তারা মার্কিন বাহিনী ও মিত্রদের বিরুদ্ধে ভয়ংকর হামলা চালাতে পারে। এমনকি আয়াতুল্লাহ আলি খামেনির মতো শীর্ষ নেতাদের লক্ষ্য করে ডিক্যাপিটেশন স্ট্রাইক বা শীর্ষ নেতৃত্ব নির্মূলের অভিযান চালালেও সরকারের পতন নিশ্চিত হবে না, বরং পরিস্থিতি আরও অস্থিতিশীল হতে পারে।
সাম্প্রতিক সময়ে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ জোরালো হলে গত ২ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র ‘প্রস্তুত ও সজ্জিত’ রয়েছে। পরবর্তী দুই সপ্তাহ তিনি বারবার এই হুমকি দেন এবং বিক্ষোভকারীদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের আহ্বান জানান। তবে সরকারি অভিযানে হাজারেরও বেশি মানুষ নিহত হওয়ার পর ট্রাম্প তার অবস্থান থেকে সরে এসে বলেন, ইরানের নিরাপত্তা বাহিনী কেবল সশস্ত্র হামলার জবাবেই গুলি চালিয়েছে। বিশ্লেষকদের অভিমত, দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়ালে তা যুক্তরাষ্ট্র এবং পুরো অঞ্চলের জন্যই মারাত্মক ও ব্যয়বহুল পরিণতি ডেকে আনবে।

