সিরিয়ার নতুন আইনে কুর্দিদের ভাষা ও নাগরিকত্ব স্বীকৃত
দীর্ঘদিনের অবহেলার অবসান ঘটিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার প্রতি আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করেছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে জানা গেছে, এই প্রথমবারের মতো সিরিয়ার কুর্দি অধ্যুষিত অঞ্চলে কুর্দি ভাষাকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং সব কুর্দি সিরিয়ানকে নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে।
গত সপ্তাহে উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে ভয়াবহ সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এই আদেশ জারি করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ওই সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হন এবং শহরের কুর্দি-নিয়ন্ত্রিত দুটি এলাকা থেকে দেড় লাখের বেশি মানুষ পালিয়ে যেতে বাধ্য হন। ১৪ বছরের যুদ্ধের পর দেশকে এক ছাদের নিচে আনার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট শারা, তবে কুর্দি বাহিনীগুলো তার ইসলামপন্থি সরকারের ওপর এখনো পূর্ণ আস্থা রাখতে পারছে না।
নতুন এই আদেশে কুর্দিদের পরিচয়কে সিরিয়ার জাতীয় পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করা হয়েছে। আরবি ভাষার পাশাপাশি কুর্দি ভাষাকে জাতীয় ভাষার মর্যাদা দেওয়া হয়েছে এবং স্কুলগুলোতে কুর্দি ভাষায় শিক্ষাদানের অনুমতি দেওয়া হয়েছে। বিশেষ করে ১৯৬২ সালে হাসাকা প্রদেশের আদমশুমারির সময় যাদের নাগরিকত্ব বাতিল করা হয়েছিল, সেই সিদ্ধান্ত বাতিল করে সব ক্ষতিগ্রস্ত বাসিন্দাকে নাগরিকত্ব প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জাতিগত ও ভাষাগত বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে এবং জাতিগত বিদ্বেষ ছড়ানোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
এই পদক্ষেপকে সিরিয়ার ইতিহাসে একটি যুগান্তকারী মুহূর্ত বলে মনে করা হচ্ছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্তিমূলক জাতীয় বার্তা প্রচারের নির্দেশ দিয়ে সরকার দেশের বিদ্যমান গভীর বিভাজন দূরীকরণে এক ঐতিহাসিক প্রচেষ্টায় নেমেছে।

