গাজা পুনর্গঠনে ট্রাম্পের নতুন শান্তি পরিষদ, সদস্য ব্লেয়ার

প্রাইম বার্তা অনলাইন
১৭ জানুয়ারি ২০২৬ ১০:১৪ এএম
গাজা পুনর্গঠনে ট্রাম্পের নতুন শান্তি পরিষদ, সদস্য ব্লেয়ার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকা পুনর্গঠন ও সেখানকার শাসন ব্যবস্থা তদারকির লক্ষ্যে একটি নতুন ‘শান্তি পরিষদ’ গঠন করেছেন। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে গঠিত এই পরিষদে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ, অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্টের সিইও মার্ক রোয়ান, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং মার্কিন ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার রবার্ট গ্যাব্রিয়েল রয়েছেন। গাজার মাঠ পর্যায়ের কাজের তদারকির জন্য বুলগেরিয়ান কূটনীতিক নিকোলে ম্লাদেনভকে হাই রিপ্রেজেন্টেটিভ এবং আলী শাথকে প্রশাসনিক কমিটির প্রধান করা হয়েছে। এছাড়া নিরাপত্তার দায়িত্বে থাকবেন মেজর জেনারেল জাসপার জেফার্স।

টনি ব্লেয়ারের এই দায়িত্ব পাওয়া নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। ২০০৩ সালে ইরাক যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ‘ওয়ার অন টেরর’ নীতিতে সমর্থনের কারণে ফিলিস্তিনপন্থীরা তার বিরোধিতা করছেন। একইসঙ্গে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য জ্যারেড কুশনারের ভূমিকাও প্রশ্নবিদ্ধ।

ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগের মাধ্যমে গাজা যুদ্ধবিরতি থেকে প্রশাসনিক রূপান্তরের দ্বিতীয় ধাপে প্রবেশ করলেও সাধারণ ফিলিস্তিনিদের মাঝে এর সফল বাস্তবায়ন নিয়ে এখনও উদ্বেগ বিরাজ করছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...