নীল নদ ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নীল নদের পানি বণ্টন নিয়ে মিসর ও ইথিওপিয়ার মধ্যকার দীর্ঘদিনের বিরোধ নিরসনে মধ্যস্থতার হাত বাড়িয়েছেন। শুক্রবার মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির উদ্দেশ্যে লেখা এক চিঠিতে তিনি এ প্রস্তাব দেন। ট্রাম্প জানিয়েছেন, বিষয়টির একটি দায়িত্বশীল এবং স্থায়ী সমাধান নিশ্চিত করতে আমেরিকা আবারও আলোচনায় অংশ নিতে প্রস্তুত। এই চিঠি তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করেছেন।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর ইথিওপিয়া আনুষ্ঠানিকভাবে গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁ ড্যাম (জিইআরডি) উদ্বোধন করে। প্রায় ৫ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই বাঁধটি নীল নদের উজানে অবস্থিত। ১২০ মিলিয়নেরও বেশি জনসংখ্যার এই আফ্রিকান দেশটি তাদের অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি হিসেবে এই প্রকল্পকে দেখছে। আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল রাষ্ট্র হিসেবে ইথিওপিয়ার জন্য এই বাঁধ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে, এই বাঁধ নির্মাণের ফলে মিসরের ভূ-রাজনৈতিক ও পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কায়রোর অভিযোগ, জিইআরডি আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন করছে এবং এর প্রভাবে মিসর খরা ও বন্যা—উভয় বিপদের মুখে পড়তে পারে। অবশ্য ইথিওপিয়া তাদের বিরুদ্ধে আনা এই অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে এসেছে।
আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির প্রতি সমর্থন প্রকাশ করে আসছেন। গত অক্টোবরে গাজা সংকট নিরসনে চুক্তি স্বাক্ষরের সময় মিসর সফরে গিয়েও তিনি আল-সিসির পাশে দাঁড়ান। এর আগে প্রকাশ্যে বক্তব্য দিয়ে ট্রাম্প নীল নদের পানি নিয়ে কায়রোর উদ্বেগের প্রতি সহমত পোষণ করেছিলেন।

