ভুলে নির্বাসিত কলেজছাত্রীকে ভিসা দিতে যুক্তরাষ্ট্রের প্রতি নির্দেশ

প্রাইম বার্তা অনলাইন
১৭ জানুয়ারি ২০২৬ ৯:২৭ এএম
ভুলে নির্বাসিত কলেজছাত্রীকে ভিসা দিতে যুক্তরাষ্ট্রের প্রতি নির্দেশ

যুক্তরাষ্ট্রে প্রশাসনিক ভুলের কারণে জোরপূর্বক নির্বাসিত এক কলেজছাত্রীকে ফিরিয়ে আনতে ট্রাম্প প্রশাসনকে ২১ দিনের সময় বেঁধে দিয়েছেন বোস্টনের একজন ফেডারেল বিচারক। শুক্রবার আদালতে রায় প্রদানকালে বিচারক রিচার্ড স্টার্নস ওই শিক্ষার্থীর জন্য অবিলম্বে ছাত্র ভিসা জারি করতে মার্কিন কর্তৃপক্ষকে নির্দেশ দেন। গত নভেম্বরে আদালতের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও তাকে হন্ডুরাসে পাঠানো হয়েছিল, যা দেশটির আইন বিভাগের পক্ষ থেকে একটি ভয়াবহ প্রশাসনিক ভুল বলে স্বীকার করা হয়েছে।

অ্যানি লুসিয়া লোপেজ বেলোজা নামের ১৯ বছর বয়সী ওই শিক্ষার্থী বর্তমানে ম্যাসাচুসেটসের বাবসন কলেজের প্রথম বর্ষে অধ্যয়নরত। আট বছর বয়সে মায়ের সাথে যুক্তরাষ্ট্রে আসা এই হন্ডুরাসি তরুণীকে থ্যাঙ্কসগিভিং উপলক্ষে পরিবারের সাথে টেক্সাসে যাওয়ার পথে বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়। পরে আদালতের নির্দেশ উপেক্ষা করে তাকে হন্ডুরাসে প্রেরণ করা হয়, যার জন্য সরকার পক্ষ আদালতে ক্ষমা প্রার্থনা করেছে।

বিচারক স্টার্নস বলেছেন, এই ঘটনা একাধিক ভুলের সমষ্টি এবং এর ফলাফল অত্যন্ত দুঃখজনক। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে ওই শিক্ষার্থীকে ভিসা প্রদান করাই এই সমস্যার সবচেয়ে সহজ সমাধান। নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ না নিলে আদালত অবমাননার অভিযোগে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। অ্যানির আইনজীবী টড পোমারলু এই রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, এর ফলে সরকারের সাথে আলোচনার মাধ্যমে দ্রুত তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...