পাকিস্তানে ট্রাক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের ১৪ জন

প্রাইম বার্তা অনলাইন
১৭ জানুয়ারি ২০২৬ ৯:০৩ এএম
পাকিস্তানে ট্রাক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের ১৪ জন

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের খুশাবে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৪ জন সদস্যের প্রাণহানি ঘটেছে। শুক্রবার গভীর রাতে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক খালে পড়ে গেলে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় আরও নয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে সাতজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর সূত্রে জানা যায়, খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলা থেকে কাজের উদ্দেশ্যে ২৩ শ্রমিক নিয়ে ট্রাকটি খুশাবের দিকে যাচ্ছিল। রাত ১১টার দিকে দরবার পাঞ্জপির মানাওয়ান এলাকায় পৌঁছালে কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যায় এবং চালক গাড়ির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি পাশের খালে পড়ে যায়। ট্রাকে থাকা চার শিশু ও পাঁচ নারীসহ মোট ১৪ জন নিহত হন, যাদের মধ্যে ঘটনাস্থলেই মারা যান আটজন। বাকিরা হাসপাতালে নেওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

উদ্ধার অভিযান পরিচালনাকারী কর্মকর্তা হাফিজ আবদুল রশীদ জানান, বিপর্যয় মোকাবিলা দপ্তর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে দুইজনকে খুশাব টিএইচকিউ এবং সাতজনকে ডিএইচকিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। প্রধানমন্ত্রী আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...