গাজা যুদ্ধের ট্রমা: ইসরাইলি সেনাদের মধ্যে বাড়ছে মানসিক রোগ
ফিলিস্তিনের গাজা উপত্যকায় দীর্ঘদিন ধরে চলা সামরিক অভিযানের প্রভাব এখন ইসরাইলি সেনাবাহিনীর মধ্যে গুরুতর আকার ধারণ করেছে। আত্মহত্যার প্রবণতা এবং যুদ্ধোত্তর মানসিক সংকটে ভোগা সেনাদের সংখ্যা ঊর্ধ্বমুখী হওয়ায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য বিভাগের মধ্যে উদ্বেগ বাড়ছে। প্রতিবেদনে দেখা গেছে, ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে সেনাদের মধ্যে পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি) এর হার ৪০ শতাংশ বেড়েছে, যা ২০২৮ সালের মধ্যে ১৮০ শতাংশে দাঁড়াতে পারে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে শুরু হওয়া এই সংঘাতে গাজায় এখন পর্যন্ত ৭১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই যুদ্ধে ইসরাইলের ২২ হাজার ৩০০ সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে ৬০ শতাংশই পিটিএসডিতে ভুগছেন। পার্লামেন্ট কমিটির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত ২৭৯ জন সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন। গত বছর দেশটিতে আত্মহত্যা করা ব্যক্তিদের ৭৮ শতাংশই ছিলেন সংঘাতে অংশ নেওয়া সেনা।
এমেক মেডিকেল সেন্টারের মনোবিজ্ঞানী রোনেন সিদি জানিয়েছেন, যুদ্ধের সময় মৃত্যুভয় এবং নৈতিক আঘাত সেনাদের মানসিক ভারসাম্যহীন করার প্রধান কারণ। ম্যাকাবি হেলথকেয়ারের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, তাদের চিকিৎসাধীন সেনাদের ৩৯ শতাংশ মানসিক স্বাস্থ্য সেবা চাইছেন এবং ২৬ শতাংশ দুশ্চিন্তায় ভুগছেন। অন্যদিকে গাজার ২০ লাখেরও বেশি বাসিন্দা বারবার বাস্তুচ্যুত হয়ে মানসিক আঘাতের মধ্যে রয়েছেন। সঠিক চিকিৎসা না পেলে সেনাদের মধ্যে আত্মহত্যার হার আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

