ইসরাইলি সেনাদের মধ্যে আত্মহত্যার হার বাড়ছে, ৬০% পিএসটিডিতে আক্রান্ত
গাজায় দীর্ঘ দুই বছর ধরে চলা সামরিক অভিযানের ধাক্কা এখন ইসরাইলি সেনাবাহিনীর মনোজগতেও। ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর প্রতিবেদনে দেখা যাচ্ছে, এই সংঘাতে আহত হওয়া ২২ হাজার ৩০০ সেনার মধ্যে প্রায় ৬০ শতাংশই আক্রান্ত হয়েছেন পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে (পিএসটিডি)। পাশাপাশি সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতাও বাড়তে শুরু করেছে, যা তাদের মানসিক স্বাস্থ্যের জন্য বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে শুরু হওয়া এবং ২০২৫ সালের ১০ অক্টোবর পর্যন্ত চলা যুদ্ধের প্রভাবে সেনাদের মানসিক অবনতি লক্ষ্য করা যাচ্ছে। ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে পিএসটিডি রোগীর সংখ্যা ৪০ শতাংশ বেড়েছে এবং ধারণা করা হচ্ছে ২০২৮ সালের মধ্যে তা ১৮০ শতাংশ বেড়ে যাবে। সংসদীয় কমিটির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত ২৭৯ জন সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন। আর ২০২৪ সালে দেশে মোট আত্মহত্যাকারীদের ৭৮ শতাংশই ছিলেন যুদ্ধে অংশ নেওয়া সেনা সদস্য।
এমেক মেডিকেল সেন্টারের মনোবিজ্ঞানী রোনেন সিদি জানিয়েছেন, সংঘাতের সময় মৃত্যুভয় এবং নৈতিক আঘাত এই দুই কারণেই মূলত সেনারা ভুগছেন। যুদ্ধের সময় তারা যে কাজগুলো করেছেন, তার প্রভাবে এখন তাদের মনে গভীর পীড়ন তৈরি হয়েছে। ম্যাকাবি হেলথকেয়ারের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, তাদের চিকিৎসাধীন সেনাদের ৩৯ শতাংশ মানসিক স্বাস্থ্য সেবা চেয়েছেন এবং ২৬ শতাংশ তীব্র দুশ্চিন্তায় ভুগছেন। তবে যথাযথ চিকিৎসা না পেলে আগামী দিনে এই হার আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

