যুদ্ধের ট্রমায় ভুগছেন ইসরাইলি সেনারা, বাড়ছে আত্মহত্যা
ফিলিস্তিনের গাজায় দীর্ঘদিন ধরে চলা যুদ্ধ ও সামরিক অভিযানের প্রভাবে ইসরাইলি সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে আত্মহত্যার প্রবণতা এবং মানসিক অবসাদ বা পিটিএসডি’র হার বিপজ্জনকভাবে বেড়েছে। ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রতিবেদনে দেখা গেছে, সংঘাতপূর্ণ এই সময়ে সেনাদের মানসিক স্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব পড়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ২০২৫ সালের ১০ অক্টোবর পর্যন্ত চলা যুদ্ধের ধ্বংসযজ্ঞের প্রভাব এখন সেনাদের মাঝে স্পষ্ট। গাজা সংঘাতে আহত ২২ হাজার ৩০০ সেনার মধ্যে ৬০ শতাংশই পিটিএসডিতে ভুগছেন। ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে এই মানসিক রোগের পরিমাণ ৪০ শতাংশ বেড়েছে, যা ২০২৮ সাল নাগাদ ১৮০ শতাংশে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পার্লামেন্ট কমিটির তথ্য মতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত ২৭৯ জন সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন, যা আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি।
এমেক মেডিকেল সেন্টারের মনোবিজ্ঞানী রোনেন সিদি জানিয়েছেন, যুদ্ধকালীন মৃত্যুভয় এবং ‘নৈতিক আঘাত’ মূলত সেনাদের এই অবস্থার কারণ। যুদ্ধের সময় তারা এমন কিছু কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন, যা এখন তাদের মানসিক যন্ত্রণা দিচ্ছে। ম্যাকাবি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিবেদনেও উঠে এসেছে, চিকিৎসাধীন সেনাদের ৩৯ শতাংশ মানসিক স্বাস্থ্যসেবা এবং ২৬ শতাংশ উদ্বেগ নিয়ে সাহায্য চেয়েছেন। সঠিক চিকিৎসা না পেলে আত্মহত্যার এই হার আরও বাড়বে বলে সতর্ক করেছেন এই মনোবিজ্ঞানী।
অপরদিকে, ইসরাইলের ধ্বংসযাত্রায় গাজার অধিকাংশ এলাকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে ৭১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে চরম আতঙ্ক ও মানসিক আঘাতের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন।

