মালয়েশিয়ায় কমলো ই-পাসপোর্ট ফি, সোমবার থেকে কার্যকর
মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য সুখবর নিয়ে এসেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। আগামী সোমবার, ১৯ জানুয়ারি থেকে সেখানে ই-পাসপোর্ট নবায়ন ও ইস্যুর ফি কমানো হয়েছে। মালয়েশিয়ান মুদ্রা রিংগিতে পরিশোধযোগ্য এই ফি গড়ে প্রায় ১৫ শতাংশ কমেছে, যা প্রবাসীদের আর্থিকভাবে স্বস্তি দেবে।
শুক্রবার (১৬ জানুয়ারি) হাইকমিশনের প্রধান প্রণব কুমার ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডলারের বিপরীতে রিংগিতের বিনিময় হারে পরিবর্তনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ছয় মাসের গড় বিনিময় হার এবং ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিলের ১০ শতাংশ সারচার্জ যোগ করেই নতুন ফি নির্ধারণ করা হয়েছে।
সংশোধিত ফি অনুযায়ী, সাধারণ শ্রমিক ও শিক্ষার্থীদের জন্য ৪৮ পাতার পাঁচ বছর মেয়াদি পাসপোর্টের ফি কমে হয়েছে ১৪০ রিঙ্গিত, যা আগে ছিল ১৬৪ রিঙ্গিত। একই ক্যাটাগরির ৬৪ পাতার ১০ বছর মেয়াদি পাসপোর্ট এখন ৮১০ রিঙ্গিতে পাওয়া যাবে, পূর্বে যার মূল্য ছিল ৯৫৩ রিঙ্গিত। অন্যদিকে, পেশাজীবীদের ক্ষেত্রে ৪৮ পাতার পাঁচ বছরের পাসপোর্ট ফি কমে ৪৬৫ রিঙ্গিত এবং ৬৪ পাতার ১০ বছরের পাসপোর্ট ৮১০ রিঙ্গিতে নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ইএসকেএল সার্ভিস চার্জ হিসেবে শ্রমিক ও শিক্ষার্থীদের ৩২ এবং অন্যদের ৬০ রিঙ্গিত পরিশোধ করতে হবে।
হাইকমিশনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন দেশটির প্রবাসী বাংলাদেশিরা। তাদের মতে, এই নতুন ফি কাঠামো পাসপোর্ট নবায়ন বা নতুন করে তৈরির ক্ষেত্রে তাদের ব্যয় কমিয়ে আর্থিক স্বস্তি এনে দেবে।

